মায়ের দ্বিতীয় বিয়ের দুই দিন পর শিশু খুন
নীলফামারী জেলা সদরের সংগলসী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে মায়ের দ্বিতীয় বিয়ের দুই দিন পর ছয় বছরের ছেলে মিলন মঙ্গলবার রাতে খুন হয়েছে। পুলিশ গতকাল বুধবার সকালে গমখেত থেকে মিলনের লাশ উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিলনের মা ফরিদা বেগম (৩৫) ৭ জানুয়ারি তাঁর স্বামী মোমিনুর রহমানকে (৪০) তালাক দিয়ে তিন ছেলেকে রেখে দেড় বছরের মেয়ে মুন্নিকে নিয়ে জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের খালিশাপড়ায় বাবার বাড়ি চলে যান। পরদিন ৮ জানুয়ারি তিনি খোকা মামুদের (স্বামীর বাড়ির প্রতিবেশী) ছেলে রেজাউলকে (৩০) বিয়ে করে কাজীরহাট এলাকায় একটি বাসা ভাড়া করে বসবাস শুরু করেন।সরেজমিনে ডাঙ্গাপাড়া গ্রামে দেখা গেছে, একটি টিনের ঘর চারদিকে বাঁশের বেড়া। এই ঘরে চার সন্তান ও স্ত্রীকে নিয়ে বাস করতেন পুরোনো কাপড়ের ব্যবসায়ী মোমিনুর রহমান। মোমিনুরের মা মোমিনা বেগম (৬০) জানান, মঙ্গলবার রাতে মোমিনুর বাড়ি ফিরলে তিনি তিন নাতিকে তাঁর কাছে রেখে নিজ ঘরে ফিরে ঘুমিয়ে পড়েন। ভোররাতে নাতি ফরিদুল (৮) ও মাসুমের (৭) ডাকে তিনি জেগে জানতে পারেন তাদের বাবা ও ছোট ভাই মিলন ঘরে নেই। এরপর খোঁজাখুঁজি করে বাড়ির কাছে রাস্তার ধারে মোমিনুরকে আহত অবস্থায় এবং গমখেতে মিলনের লাশ পাওয়া যায়। এলাকাবাসী মোমিনুরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।হাসপাতালে চিকিৎসাধীন মোমিনুর রহমান বলেন, ‘রেজাউল আমার স্ত্রীকে নিয়ে বিয়ে করেছে। মঙ্গলবার দিবাগত রাত দুই-আড়াইটার দিকে চার-পাঁচজন ঘরে ঢুকে আমার মুখে চাদর পেঁচিয়ে এবং মিলনকে রেজাউল কোলে তুলে নিয়ে যায়। এরপর তারা আমাকে এলোপাতাড়ি মারধর করলে আমি অজ্ঞান হয়ে পড়ি।’ নীলফামারী সদর থানার ওসি জেড এম আসাদুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।