মায়ের নাকফুল মিলল মেয়ের ফুসফুসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূ ঊর্মি বড়ুয়ার সোনার নাকফুল খোয়া গিয়েছিল পাঁচ মাস আগে। অনেক খোঁজাখুঁজি করেও এর সন্ধান মেলেনি। সপ্তাহ খানেক আগে ওই নাকফুলের খোঁজ পাওয়া যায়। তাঁর মেয়ে চন্দ্রিমা বড়ুয়ার (২) ফুসফুসে গিয়ে আটকে ছিল খোয়া যাওয়া নাকফুলটি। জ্বরাক্রান্ত চন্দ্রিমার এক্স-রে প্রতিবেদন দেখে নিশ্চিত হন চিকিৎসক। গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় নগরের শেভরন নামের একটি রোগ নির্ণয় কেন্দ্রে বক্ষব্যাধি বিশেষজ্ঞ শাহদাত হোসেন ভিডিও ব্রঙ্কোস্কপির মাধ্যমে ওই নাকফুল বের করে আনেন। শাহদাত হোসেন বলেন, ‘আর কিছুদিন থাকলে চন্দ্রিমার ফুসফুসে পচন ধরতে পারত। একসময় তার ফুসফুস অকার্যকর হয়ে যেত।’চিকিৎসকেরা জানান, চন্দ্রিমাকে পুরোপুরি অচেতন করে মুখ ও শ্বাসনালি দিয়ে ফরসেফ ঢুকিয়ে এই অস্ত্রোপচার করা হয়। ১০ মিনিটের অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরলে রাতে চন্দ্রিমাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।রাউজানের পূর্ব গুজরার ঊর্মি বড়ুয়া বলেন, ‘সাত-আট দিন আগে আমার মেয়ের খুব জ্বর হয়। তখন নোয়াপাড়ায় শিশুবিশেষজ্ঞ জাহাঙ্গীর আলমকে দেখাই। তিনি বলেন, বুকে কফ আছে, এক্স-রে করেন। এক্স-রে দেখে তিনি বলেন, তার ফুসফুসে কিছু একটা আটকে রয়েছে। পরে এখানে আসি।’