মায়ের নির্যাতনে অসুস্থ!
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামের যুবক আমির মিয়া মায়ের নির্যাতনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে লোহার শিকল পরিয়ে একটি বদ্ধঘরে প্রায় এক মাস ধরে আটকে রাখা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে শমসেরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের উদ্যোগে আমিরকে গত সোমবার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এলাকাবাসীর অভিযোগ, আমিরের মা জহুরা বেগম ছেলেকে আটকে রেখে নির্যাতন করেন। স্ত্রীর কাছ থেকে আমিরকে দূরে রাখার উদ্দেশ্যে আটকে রাখা হয়। পুত্রবধূর কাছ থেকে যৌতুকের টাকা আদায় করতে ব্যর্থ হয়ে জহুরা বেগম নিজ ছেলের ওপরই নির্যাতন শুরু করেন।অসুস্থ আমির মিয়া বলেন, তিনি পাগল নন। শিকলে বেঁধে রাখায় তাঁর হাত-পায়ে ক্ষত হয়েছে। যৌতুকের টাকা না পেয়ে তাঁর স্ত্রী হামজা বেগমকে তাড়িয়ে দেন জহুরা বেগম। আমিরের মা জহুরা বেগম দাবি করেন, ‘পুত্রবধূর আচরণ ভালো নয়। সে নিজেই বাবার কাছ থেকে টাকা এনে দেওয়ার কথা বলেছিল। শ্বশুরবাড়ির লোকজনের মারধরে আহত হয়ে আমির উন্মাদ হয়ে যায়। শিকলে বেঁধে তার চিকিৎসা করা হচ্ছিল। সিলেটের একজন চিকিৎসকের তত্ত্বাবধানে আমিরের চিকিৎসা চলছে।’ আলীনগর বস্তিতে আমিরের শ্বশুরবাড়ি। সেখানে অবস্থানরত হামজা বেগম অভিযোগ করেন, তাঁকে প্রায়ই নির্যাতন করতেন শাশুড়ি জহুরা বেগম। তিনি নিজ ছেলে আমিরকে পাগল বানিয়েছেন। অপর ছেলে মনির মিয়াকেও স্ত্রী-সন্তানসহ বাড়িছাড়া করেছেন। ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, সংবাদকর্মীদের কাছ থেকে খবর পেয়ে তিনি আমির মিয়াকে শিকলমুক্ত করে হাসপাতালে নিয়ে গেছেন। জহুরা বেগমের নামে বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রামের লোকজন ভয়ে তাঁর সঙ্গে কথা বলে না। আমির সুস্থ হলে বিষয়টি মীমাংসার জন্য প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাজেদুল করিম বলেন, গতকাল পর্যন্ত চিকিৎসায় আমির মিয়ার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। মানসিক সহায়তা পেলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।