মায়ের পর এবার ভেসে উঠল শিশু সন্তানের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের তিন দিন পর গত ১৩ জানুয়ারি স্ত্রী ও দুই মাসের সন্তানকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন নজরুল ইসলাম। এরপর থেকেই নিখোঁজ ছিলেন স্ত্রী ও সন্তান। ২১ জানুয়ারি পাকুন্দিয়া উপজেলার একটি বিল থেকে স্ত্রী রহিমা আক্তারের (২৮) গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ১০ দিন পর গত মঙ্গলবার একই স্থান থেকে দুই মাসের শিশু আমিরুল ইসলামের লাশও উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর থেকে নজরুলকে পাওয়া যাচ্ছে না। পুলিশের সন্দেহ, স্ত্রী ও সন্তানকে হত্যার পর গা ঢাকা দিয়েছেন তিনি।
স্থানীয় লোকজন বলেছেন, রহিমার সঙ্গে একই গ্রামের নজরুল ইসলামের শারীরিক সম্পর্কের পর দুই মাস আগে তাঁদের এক সন্তানের জন্ম হয়। পরে গ্রামবাসী এবং রহিমার পরিবারের চাপে পড়ে ১০ জানুয়ারি তাঁকে বিয়ে করেন নজরুল।
নিহত রহিমার বড় ভাই আব্দুল আওয়াল স্বামী নজরুল ইসলাম, দেবর দ্বীন ইসলাম, শ্বশুর সোহরাব উদ্দিন ও শাশুড়ি মদিনা আক্তারের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেছেন। দ্বীন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আব্দুল আওয়াল বলেন, বিয়ের তিন দিন পর ১৩ জানুয়ারি বেড়ানোর কথা বলে নজরুল সন্তানসহ রহিমাকে বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। ১৬ জানুয়ারি বাড়ি ফেরেন নজরুল। স্ত্রী-সন্তান সম্পর্কে জানতে চাওয়া হলে বলেন, এক আত্মীয়র বাড়িতে রেখে এসেছেন। এরপরই পরিবারের অন্যদের নিয়ে গা ঢাকা দেন তিনি।
গত ২১ জানুয়ারি এগারসিন্দুর ইউনিয়নের মীরারটেক বিলে একটি গলিত লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে। পরে আব্দুল আওয়াল লাশটি তাঁর বোন রহিমার বলে শনাক্ত করেন। এর ১০ দিন পর মঙ্গলবার রাত আটটার দিকে একই জায়গায় একটি শিশুর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। স্বজনেরা তা রহিমার নিখোঁজ শিশুসন্তান আমিরুলের লাশ হিসেবে শনাক্ত করেন।
পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন বলেন, প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, নজরুল শ্বাসরোধে হত্যার পর স্ত্রী-সন্তানের লাশ বিলের কচুরিপানার নিচে লুকিয়ে রেখেছিলেন। এরপর তিনি পালিয়ে গেছেন।