মায়ের পর ছেলে খুন!
মা জমেলা খুন হওয়ার প্রায় সাত মাস পর খুন হলেন ছেলে আনিস (২৬)। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করে টুকরো টুকরো করে হত্যা করেছে। এ ঘটনা ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের জ্ঞানদানগর গ্রামে।এ ব্যাপারে আনিসের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে গত রোববার একই গ্রামের প্রতিবেশী নাসির শাহ (৩৫), নজিবর শাহ (৩৮) ও জসীমউদ্দিনকে (২২) আসামি করে নাটোরের বিচারিক হাকিম আদালত-১-এ একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ জুন আনিসের মা জমেলা বেগম (৪৫) খুন হন। ওই মামলার প্রধান আসামি ফজেল শাহ বর্তমানে নাটোর জেল হাজতে আছেন। ফজেল শাহর দুই ভাই নাসির শাহ (৩৫), নজিবর শাহ (৩৮) এবং ছেলে জসীমউদ্দিন (২২) ওই হত্যা মামলার বিষয়ে আপস করার জন্য নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে চাপ দিতে থাকেন। এ ব্যাপারে আনিসের ভাই জাহাঙ্গীর আলম গত বছরের ২৫ জুন পরিবারের নিরাপত্তা চেয়ে গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হন। গত ১৯ জানুয়ারি অভিযুক্তরা কৌশলে আনিসকে অপহরণ করে নৃশংসভাবে টুকরো টুকরো করে ঢাকা-নাটোর মহাসড়কের দত্তপাড়ার গাজীরবিল এলাকায় লাশ ফেলে রাখেন। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ আনিসের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠান। পরদিন ২০ জানুয়ারি নিহতের পরিবারের সদস্যরা মর্গ থেকে লাশটি উদ্ধার করে দাফন করেন।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম বলেন, মামলার তদন্ত চলছে। মুঠোফোনে অভিযুক্ত নাসির শাহ বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’