পটুয়াখালীর গলাচিপা উপজেলায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় অহিদ নামের তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর ভূরিয়া লঞ্চঘাটের কাছাকাছি লোহালিয়া নদী থেকে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে।
লঞ্চডুবির ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার হলো। নিখোঁজ আছেন দুই যাত্রী। গত শনিবার গলাচিপার কলাগাছিয়া এলাকায় গলাচিপা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে এমভি শাথিল-১ নামের যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়। গত রোববার রাত পৌনে নয়টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা লঞ্চটিকে টেনে তোলে।
শিশু অহিদের বাবা পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের চরমৈসাদি গ্রামের মোস্তফা ফকির ছেলের লাশ শনাক্ত করেন। রোববার অহিদের মা অহিদা বেগমের (২৫) লাশ উদ্ধার হয়। গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো দুই যাত্রী নিখোঁজ আছেন।