মায়ের পাশে সমাহিত হলেন মূসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গতকাল দুপুরে এবিএম মূসার জানাজায় অংশ নেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ । ছবি: প্রথম আলো
জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গতকাল দুপুরে এবিএম মূসার জানাজায় অংশ নেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ । ছবি: প্রথম আলো

গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার কুতুবপুরে চিরনিদ্রায় শায়িত হলেন সাহসী ও যশস্বী সাংবাদিক এবিএম মূসা। গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় মুন্সীরহাট আলী আজম উচ্চবিদ্যালয় মাঠে তাঁর চতুর্থ ও শেষ জানাজা হয়। এরপর পারিবারিক কবরস্থানে মা শাহেদা বেগমের পাশে তাঁকে সমাহিত করা হয়।
এর আগে গতকাল বাদ মাগরিব ফেনী শহরের মিজান ময়দানে প্রবীণ এই সাংবাদিকের তৃতীয় জানাজা হয়। সেখানে ফেনীর জেলা প্রশাসকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টায় এবিএম মূসাকে আনা হয় তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ জাতীয় প্রেসক্লাবে। সেখানে বাদ জোহর তাঁর দ্বিতীয় জানাজা হয়।
প্রবীণ এই সাংবাদিক তাঁর আত্মজীবনীতে লিখেছিলেন, ‘আমার একটি দ্বিতীয় বাড়ি আছে। তারও একটি নাম আছে। নামটি হচ্ছে প্রেসক্লাব।... হিসাব করে বলতে পারব না এই সেকেন্ড হোমে ৫১ বছরের কতখানি সময় কাটিয়েছি, আর কতখানি থেকেছি নিজের বাড়িতে কিংবা আপন দপ্তরে।’
দুপুরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সযোগে এবিএম মূসা যখন তাঁর দ্বিতীয় বাড়িতে এলেন, তখন সবার মুখে বিষাদের ছায়া। ছেলে নাসিম মূসা আর মেয়ে পারভীন সুলতানা যখন বাবার এ প্রিয় বাড়ির কথা বলছিলেন, তখন অশ্রু ধরে রাখতে পারেননি। চোখে পানি রাখতে পারেননি এবিএম মূসার সহকর্মী ও অনুজ সাংবাদিকেরাও।
গতকাল জাতীয় প্রেসক্লাবে তাঁকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের মধ্যে আছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা মাহবুবুল আলম ও মইনুল হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির নেতা মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক আনিসুজ্জামান, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন, কবি আসাদ চৌধুরী প্রমুখ।
এ ছাড়া ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম, সাংবাদিক কামাল লোহানী, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক মাহফুজ উল্লাহ, রুহুল আমিন গাজী প্রমুখ। এ ছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, দৈনিক মানবজমিন, যুগান্তর, ফেনী সমিতি, ফেনী সাংবাদিক ফেরাম-ঢাকা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।
তোফায়েল আহমেদ বলেন, এবিএম মূসা যা বিশ্বাস করতেন, তা তিনি অকপটে বলতেন। বঙ্গবন্ধুর সামনেও তিনি কখনো কখনো কঠিন কথা বলে ফেলতেন। বঙ্গবন্ধু তাঁকে ভালোবাসতেন। সাংবাদিকতা জগতের উজ্জ্বল নক্ষত্র হিসেবে তিনি বেঁচে থাকবেন।
এবিএম মূসা বাংলাদেশের প্রথম সংসদের একজন সদস্য। কিন্তু সংসদ ভবন প্রাঙ্গণে তাঁর জানাজা না হওয়ার কারণ কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘সাবেক সংসদ সদস্য হিসেবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবিএম মূসার জানাজা হওয়ার কথা। কিন্তু কেন হয়নি, তা আমার জানা নেই।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্রের পক্ষে তিনি যে ভূমিকা পালন করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বিভিন্ন সময়ে সরকারের ত্রুটিবিচ্যুতি ধরিয়ে দিয়েছেন। এতে সরকার উপকৃত হয়েছে।
এবিএম মূসার প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘তাঁর সঙ্গে আমার পরিচয় ৬২ বছরের। আমি তাঁকে জেনেছি একজন সৎ ও সাহসী সাংবাদিক হিসেবে। সামরিক শাসনের নিষেধাজ্ঞা এড়িয়ে তিনি যেভাবে এ দেশের মানুষের অধিকারের পক্ষে সংবাদ প্রকাশ করেছিলেন, তা অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’
এবিএম মূসার একসময়ের সহকর্মী সৈয়দ আবুল মকসুদ বলেন, এবিএম মূসার মৃত্যুর ভেতর দিয়ে বাংলাদেশের সাংবাদিকতার একটি যুগের অবসান হলো। তিনি বলেন, বাংলাদেশের প্রথম সংসদের একজন সদস্য হিসেবে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জানাজা এবিএম মূসার প্রাপ্য ছিল। তা না হওয়ায় সরকারের দীনতা প্রকাশ পেয়েছে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, এবিএম মূসা ছিলেন সাংবাদিকতা জগতের কিংবদন্তি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন এবং কলম ধরেছেন। তাঁর মৃত্যুতে কেবল সাংবাদিকতাই নয়, জাতীয় ক্ষেত্রে যে শূন্যতা সৃষ্টি হলো, তা পূরণ হওয়ার নয়।
প্রবীণ এই সাংবাদিক গত বুধবার বেলা সোয়া একটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। এবিএম মূসা (৮৩) অনেক দিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।