মায়ের পায়ে শিকল
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মোংলাপাড়া গ্রামের বেলী বেওয়ার দুই পায়ে লোহার শিকল। শিকলে লাগানো আছে দুটি তালা। মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে ছেলেরা তাঁর পায়ে শিকল পি়রয়ে রেখেছেন।
মোংলাপাড়া গ্রামে গিয়ে জানা গেল, তিন শতক জমি নিয়ে বেলী বেওয়াদের বাড়ি। চারটি মাটির তৈরি ঘরের একটিতে তিনি থাকেন। সাত সন্তানের মা বেলী বেওয়া। তিন মেয়ে ছমেলা, কমলা ও কল্পনা বেগমের বিয়ে হয়েছে।
চার ছেলের মধ্যে তিন ছেলে খাজা মিয়া, একরামুল হক, আশরাফুল ইসলাম পরিবার নিয়ে ঢাকায় থাকেন। সাত বছর আগে দিনমজুর স্বামী ছমির উদ্দিন মারা যান। স্বামীর অবর্তমানে তিনি ছোট ছেলে ছেলে আজাদুল ইসলামের সংসারে আছেন। দুই বছর আগে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সুযোগ পেলেই বাড়ি থেকে বের হয়ে যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মানুষকে বিরক্ত করায় ছোট ছেলে আজাদুল অন্যান্য ভাইদের পরামর্শে গত মার্চ মাসের মাঝামাঝি বেলী বেওয়াকে শিকল পরিয়ে দেন। কিছুদিন পর মাকে ঘরে তালাবদ্ধ করে রেখে তিনিও পরিবার নিয়ে ঢাকায় যান। প্রতিবেশীরা তাঁর ঘরেই খাবার দিয়ে আসতেন। প্রায় দেড় মাস ঘরে বন্দী থাকেন। প্রতিবেশীরা ১ মে তালা ভেঙে ঘর থেকে বের করেন তাঁকে।
বেলী বেওয়ার দেবর তমিজ উদ্দিন বলেন, ‘মায়ের ভরণপোষণের জন্য ছেলেরা টাকা পাঠায় না। আমরাই যে যখন পারি খাবার দিচ্ছি।’
সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকতার আলম বলেন, সুস্থ কিংবা অসুস্থ কোনো মানুষকেই শিকল পরানো যাবে না। এতে তিনি মানসিকভাবে আরও অসুস্থ হয়ে পড়বেন। বেলী বেওয়ার ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে।
শিকল পরানোর বিষয়ে জানতে চাইলে বেলী বেওয়ার ছেলে একরামুল হক বলেন, ‘মা অসুস্থ। সব সময় মানুষকে বিরক্ত করেন। আমরা গরিব। উন্নত চিকিৎসা করাব কীভাবে। তাই পায়ে শিকল পরানো হয়েছে।’