মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ : ছাত্রলীগ নেতা জামিনে মুক্ত
মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একই ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সেন সুমন জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার দুপুরে তিনি মাগুরা জেলা কারাগার থেকে মুক্তি পান।
সেন সুমন মাগুরা জেলা ছাত্রলীগের সহসভাপতি ও আলোচিত ওই মামলার প্রধান আসামি। গত বছরের ২ আগস্ট ঢাকার কল্যাণপুরে বন্ধুর বাসা থেকে র্যাব তাঁকে আটক করে।
আজ মঙ্গলবার মাগুরা জেলা কারাগারের সুপার মো. তায়েফ উদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, সেন সুমন উচ্চ আদালত থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। জামিনের আদেশটি মাগুরার মুখ্য বিচারিক হাকিম মো. ইসমাঈল হোসেনের স্বাক্ষরের পর আদালতের মাধ্যমে ১৯ জুন সন্ধ্যায় কারাগারে পৌঁছে। জামিননামা যাচাইয়ের পর নিশ্চিত হয়ে গতকাল সোমবার বেলা একটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
জেল সুপার আরও বলেন, ওই মামলার চার আসামি মুহম্মদ আলী আকবর, তৈয়বুর রহমান তোতা, আয়নাল শেখ ও মিল্টন মল্লিক ওরফে টুটুল কারাগারে রয়েছেন। এ ছাড়া গত দুই মাসে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে আরও ১১ আসামি কারাগার থেকে বের হয়েছেন।
গত বছরের ২৩ জুলাই ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। গুলি মায়ের পেটের শিশুর শরীরও এফোঁড়-ওফোঁড় করে ফেলে। গুলিবিদ্ধ হয়ে ও বোমায় আহত হন নাজমা বেগমের চাচাশ্বশুর মমিন ভূঁইয়া। পরদিন তিনি মারা যান।