মায়ের ফেরার অপেক্ষায় শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবান-রুমা সড়কে পাহাড়ধসে নিখোঁজ মুন্নী বড়ুয়ার অপেক্ষায় রয়েছে তাঁর মেয়ে জেসিকা l ছবি সংগৃহীত
বান্দরবান-রুমা সড়কে পাহাড়ধসে নিখোঁজ মুন্নী বড়ুয়ার অপেক্ষায় রয়েছে তাঁর মেয়ে জেসিকা l ছবি সংগৃহীত

কাজের খাতিরে মা দুদিনের জন্য বাইরে যাবেন শোনার পরই মন খারাপ হয়ে গিয়েছিল নয় বছরের শিশু জেসিকা বড়ুয়ার। রোববার সকালে তার মাথায় হাত বুলিয়ে আদর করে ঘর থেকে বের হন মা মুন্নী। দ্রুত কাজ শেষ করেই মেয়ের কাছে ফিরবেন বলে কথাও দেন তিনি। কিন্তু পাহাড়ধস এলোমেলো করে দিয়েছে জেসিকার ছোট্ট জগৎটাকে। নিখোঁজ মায়ের অপেক্ষায় এখন প্রতিটি ক্ষণ কাটছে শিশুটির।

গত রোববার দুপুরে বান্দরবান-রুমা সড়কে পাহাড়ধসে নিখোঁজ পাঁচজনের একজন মুন্নী বড়ুয়া। পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী মুন্নী বড়ুয়া রুমা যাচ্ছিলেন।  শিশুকন্যাকে দেখার কেউ না থাকায় ওই দিন যাওয়ার সময় তাকে মায়ের বাসায় রেখে বের হয়েছিলেন তিনি। মুন্নীর খোঁজ না পাওয়ায় তাঁর বৃদ্ধা মা নীলিমা বড়ুয়াও শোকে পাগলপ্রায়।

গতকাল সোমবার দুপুরে জেলা শহরের মধ্যমপাড়ায় মুন্নী বড়ুয়ার বাসায় গিয়ে দেখা যায়, মায়ের ছবি হাতে কাঁদছে শিশু জেসিকা। তার নানীও শিশুটিকে জড়িয়ে কাঁদছেন। কারো কোনো সান্ত্বনা বাক্যই তাদের কান্না থামাতে পারছে না।

কাঁদতে কাঁদতে জেসিকা বলে, সবাই বলছে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু মা তো বলেছিলেন কাজ শেষ করেই দুদিনের মধ্যে ফিরবেন।

মুন্নীর বড় বোন রুবি বড়ুয়া বলেন, রোববার পাহাড়ধসে মুন্নী নিখোঁজ হওয়ার পর থেকে মা ভাত-পানি কিছুই মুখে দেননি। মাঝেমধ্যেই প্রলাপ বকছেন। নানির সঙ্গে জেসিকাও শুধু কাঁদছে।

কর্মসূত্রে মুন্নীর স্বামী অমর বড়ুয়া চট্টগ্রামে থাকেন। দুর্ঘটনার খবর পেয়ে বান্দরবানে এসেছেন। শোকাহত অমর বলেন, জেসিকা তার মা ছাড়া কিছুই বোঝে না।

নিখোঁজ মুন্নীর ভাই রাহুল বড়ুয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দলিয়ানপাড়া এলাকায় পাহাড়ধসের ঘটনার পর থেকে তিনি সেখানে রয়েছেন। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুদিন ধরে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পাহাড়ি ঝর্ণার খাদ থেকে মুন্নীর কাপড়ের ব্যাগ পাওয়া গেছে। কিন্তু মুন্নীর কোনো হদিস পাওয়া যায়নি।

এদিকে পাহাড়ধসে নিখোঁজ কারও হদিস এখনো পাওয়া যায়নি। গতকাল সকাল থেকে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা কয়েক দফা দড়ি দিয়ে এক হাজার ফুট গভীর পাহাড়ি খাদে নেমেও কারও খোঁজ পাননি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ বলেন, চারজন নিখোঁজ থাকার বিষয়ে তাঁরা নিশ্চিত হয়েছেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, এক হাজার ফুট গভীরে নেমেও কারও খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার অভিযান চালানো হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।