মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত আমান ও আলভী আমান
নুসরাত আমান ও আলভী আমান

রাজধানীর বনশ্রীতে দুই শিশু হত্যার ঘটনায় মা মাহফুজা মালেককে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। প্রায় সাড়ে তিন মাসের তদন্ত শেষে গত বুধবার অভিযোগপত্রটি জমা দেওয়া হয়।
ডিবির খিলগাঁও অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পূর্ণাঙ্গ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযোগপত্রটি দেওয়া হয়েছে। তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে মাহফুজা মালেক ছাড়া অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে সরাসরি হত্যার অভিযোগ আনা হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীর একটি বাসায় নুসরাত আমান (১২) ও আলভি আমান (৭) নামে দুই ভাইবোনের রহস্যজনক মৃত্যু হয়। এরপর ৩ মার্চ র্যাব প্রেস ব্রিফিং করে জানায়, দুই শিশুর মা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হত্যার কারণ হিসেবে সন্তানের পড়ালেখা নিয়ে মায়ের উদ্বেগের কথা জানানো হয়। ওই রাতেই দুই শিশুর বাবা আমান উল্লাহ বাদী হয়ে রামপুরা থানায় মাহফুজা মালেককে আসামি করে মামলা করেন। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
ডিবির কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, পড়ালেখায় উন্নতি না হওয়ায় মাহফুজা মালেক মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। এই হতাশা থেকেই তিনি দুই শিশুকে হত্যা করেন।