মায়ের বুকে প্রশান্তির ঘুম সুরাইয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের মুখে প্রশান্তির হাসি। মাতৃগর্ভেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সুরাইয়ার অবস্থা এখন স্থিতিশীল। গতকাল রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তাকে মায়ের কাছে কেবিনে দেন l ছবি: সাবিনা ইয়াসমিন
মায়ের মুখে প্রশান্তির হাসি। মাতৃগর্ভেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সুরাইয়ার অবস্থা এখন স্থিতিশীল। গতকাল রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তাকে মায়ের কাছে কেবিনে দেন l ছবি: সাবিনা ইয়াসমিন

রোববার বেলা তিনটা। ৪৮ নম্বর কেবিনের সামনে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বসে ছিলেন বাচ্চু ভূঁইয়া। একগাল হেসে বললেন, ‘মেয়ে খাইছে, খেলিছে, হাসিছে। এখন ঘুমায়ে পড়েছে। আমার যাওয়া মানা। ডাক্তার বলিছে, আমার গায়ে জীবাণু থাকতি পারে।’ যাকে নিয়ে এত কথা হচ্ছিল সেই সুরাইয়া জন্মের ২৫ দিন পর প্রথমবারের মতো মায়ের বুকে মুখ রেখে ঘুমানোর সুযোগ পেল কাল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক প্রথম আলোকে বলেন, ‘বেলা পৌনে একটার দিকে আমরা সুরাইয়াকে ওর মায়ের কাছে দিয়ে দিয়েছি। আপাতত ও মায়ের সঙ্গে কেবিনে থাকবে। আমরা দেখাশোনা করব। ওর শারীরিক অবস্থা এখন ভালো। দিন দুয়েকের মধ্যে ও বাড়ি ফিরতে পারবে বলে আশা করি।’ মায়ের কোলে শিশু সুরাইয়াকে তুলে দিতে পেরে খুশি হাসপাতালের সবাই। মায়ের পেটে গুলি খেয়ে যে যুদ্ধের শুরু, তার প্রাথমিক পর্বটি গতকাল রোববার শেষ হয়েছে বলে মনে করছেন তাঁরা।
গত ২৩ জুলাই মায়ের পেটে গুলিবিদ্ধ হয়ে মাগুরা সদর হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর সুরাইয়ার জন্ম। বাচ্চু ভূঁইয়া জানান, অস্ত্রোপচারের সময় তিনি কক্ষের বাইরে অপেক্ষা করছিলেন। ভেতর থেকে কেউ একজন বেরিয়ে এসে জানিয়েছিলেন, মাকে বাঁচানো গেছে। শিশুটি বাঁচেনি। যন্ত্রণায় নীল শিশুটি হঠাৎ কেঁদে জানান দেয় সে বেঁচে আছে। তবে চিকিৎসকেরা ৪৮ ঘণ্টার মধ্যে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিতে বলেছিলেন।
২৬ জুলাই ভোর চারটায় সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে আসে সুরাইয়া, মা-বাবাকে ছাড়াই। কম ওজনের, সময়ের আগে জন্মানো শিশুটিকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন হাসপাতালের চিকিৎসকেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও ওর শরীরে ধরা পড়ে জন্ডিস। রক্তে প্লাটিলেটের পরিমাণ কমতে শুরু করে দ্রুত। বুলেটের ধাক্কা কাটিয়ে উঠতে পারলেও সংক্রমণের ধাক্কা কাটাতে পারবে কি না, তা নিয়ে নতুন করে সংশয় দেখা দেয়। ২৮ জুলাই চিকিৎসকেরা সুরাইয়াকে স্পেশাল কেয়ার বেবি ইউনিটে (স্ক্যাবু) নিয়ে যান। ২৯ তারিখ হাসপাতালে এসে পৌঁছান মা। যখনই সুরাইয়ার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের মন্তব্য জানতে চাওয়া হয়েছে; তাঁরা বলেছেন, যেদিন সুরাইয়াকে মায়ের কাছে দেওয়া হবে, সেদিন বলা যাবে ও ভালো আছে। তার আগে নয়।
শরীরে সেলাই, নাকে নল, স্যালাইনের সুচ—এত কিছুর মধ্যে মেয়েটিকে কোলে নিতে পারছিলেন না মা। গতকাল বুকে পেয়ে পরম প্রশান্তিতে ঘুমিয়েছেন মা। বাবা বাচ্চু ভূঁইয়া বললেন, ‘গর্ভবতী মাকে গুলি করার ঘটনা শুনিছে কেউ কোনো দিন? কোনো দিন ভাবিনি মেয়েকে সুস্থ দেখতি পাব। আমার বড় ছেলেটা এসএসসি দেবে এবার। আইএ পাস করার পর ওটাকে পুলিশ বানাব। কিন্তু মেয়েটাকে ডাক্তার বানাব।’
তবে যারা গুলি ছুড়েছিল মাগুরা ফিরে যাওয়ার পর তারা কোনো ক্ষতি করে কি না, সেই ভয় এখন বাচ্চু ভূঁইয়াকে তাড়িয়ে বেড়াচ্ছে।