মায়ের মানসিক অবস্থা জানা যাবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরখানে সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার ফাহমিদা মীর মানসিকভাবে সুস্থ কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেননি চিকিৎসকেরা। তবে তাঁর শরীরের ক্ষত ভালো হয়ে উঠছে বলে জানা গেছে।
জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবেশ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান আবদুল্লাহ আল মামুন যেন ফাহমিদাকে দেখেন, সে জন্য তাঁকে অনুরোধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার নাক কান গলা বিভাগের চিকিৎসকদের সঙ্গে তিনিও যোগ দেবেন।
গত সোমবার রাতে উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটির একটি বাসায় দেড় বছরের শিশু নেহাল সাদিক খুন হয়। এ সময় বাসায় থাকা শিশুর মা ফাহমিদাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁর ঘাড়ের বাঁ পাশে কাটা ক্ষত রয়েছে। শিশুর বাবা সৈয়দ সাজ্জাদ হোসেন অভিযোগ করেন, ফাহমিদা তাঁদের একমাত্র সন্তান নেহালকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন। তবে সন্তান হত্যার অভিযোগ অস্বীকার করেছেন ফাহমিদা। তিনি অভিযোগ করেছেন, তাঁর স্বামীর নির্দেশে স্বামীর সহযোগীরা নেহালকে হত্যা করেছে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুর বাবা বাদী হয়ে ফাহমিদার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এ মামলায় পুলিশ ফাহমিদাকে গ্রেপ্তার দেখিয়েছে। ফাহমিদা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০৩ নম্বর ওয়ার্ডের নাক কান গলা বিভাগে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ফাহমিদা মাঝেমধ্যেই অসংলগ্ন কথা বলছেন। তাই তাঁর মানসিক অবস্থা জানতে গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের চিকিৎসকেরা হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত নেন।
উত্তরখান থানার ওসি শেখ সিরাজুল হক প্রথম আলোকে বলেন, ফাহমিদা অসুস্থ থাকায় তাঁকে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা তাঁকে হাসপাতাল থেকে ছাড়লে ঘটনার বিস্তারিত জানার জন্য তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত নেহালের ময়নাতদন্ত শেষে গত মঙ্গলবার মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এরপর রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় তার দাফন সম্পন্ন হয় জানান নেহালের চাচা মো. নাহিদ।