তুরাগ এলাকায় মা ও তিন সন্তানের মৃত্যুর কারণ উদ্ঘাটনে মায়ের ময়নাতদন্তের প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন তদন্তকারী কর্মকর্তারা। তাঁরা বলছেন, ওই প্রতিবেদনটি হাতে পেলেই তারা মূলত তদন্তের দিক কী হবে সেটি নির্ধারণ করতে পারবেন।
বৃহস্পতিবার গভীর রাতে তুরাগের কালিয়ারটেক এলাকায় নিজ বাসার দুটি পৃথক কক্ষ থেকে রেহানা বেগম ও তাঁর তিন সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে রেহানার ভাই শামসুল আলম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার এজাহারে তিনি বোনের শাশুড়ি, ননদ কোহিনূর আক্তার ও তাঁর স্বামীকে হত্যাকারী হিসেবে সন্দেহ করেন।
মামলাটি তদন্ত করছেন তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান। গতকাল রোববার তিনি প্রথম আলোকে বলেন, ঘটনাটি একটি আবদ্ধ ঘরের মধ্যে ঘটেছে। সেখানে কোনো সাক্ষী ছিল না। আত্মীয়স্বজন, প্রতিবেশী বা অভিযুক্ত ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তাঁরা কিছুই বলতে পারছেন না। তিনি বলেন, পারিবারিক জীবনে হতাশার অনেক কারণ ছিল। রেহানার স্বামী মোস্তাফা কামাল দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। এ বিষয়গুলো তদন্তের মধ্যে রাখা হয়েছে। এ ছাড়া মামলার এজাহারে সন্দেহভাজন হিসেবে যাঁদের কথা বলা হয়েছে তাঁদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে মূলত মায়ের ময়নাতদন্তের প্রতিবেদনটি পাওয়া গেলেই তদন্তের দিক নির্ণয় করা সম্ভব হবে।
ঢাকা মেডিকেল কলেজের মর্গে মরদেহগুলোর ময়নাতদন্তকারী চিকিৎসক সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ শুক্রবার সাংবাদিকদের জানান, তিন শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে রেহানা পারভিনের মৃত্যুর কারণ হত্যা না আত্মহত্যা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ জন্য তাঁর ঘাড়ের টিস্যু সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ মাহমুদ শনিবার প্রথম আলোকে বলেছিলেন, রেহানার ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর অনেক কিছু নির্ভর করছে। সেটা পাওয়া গেলে সব প্রশ্নের জবাব মিলবে।