প্রায় ১০ বছর আগে নরসিংদীতে শিশু শিহাবুর রহমান হত্যা মামলায় তার মা আফরোজা সুলতানার যাবজ্জীবন কারাদণ্ড এবং মায়ের ‘বন্ধু’ গাজী আবদুস সালাম ওরফে উজ্জ্বল ওরফে রাজীবের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি শেষে বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান মোহন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন সাইফুদ্দিন মাহমুদ ও এম এম শাজাহান কবির।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৭ ডিসেম্বর নরসিংদীর পলাশ থানার পণ্ডিতপাড়ার সিঙ্গাপুরপ্রবাসী সোহরাব হোসেন ভূঁইয়ার ছেলে শিহাব নিখোঁজ হয়। দুই দিন পর ৯ ডিসেম্বর বাসার পেছনের বাগান থেকে শিহাবের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় ওই দিনই নরসিংদী থানায় মামলা করেন শিহাবের চাচা মজিবুর রহমান ভূঁইয়া। ২০০৭ সালের ৯ আগস্ট এ মামলায় শিহাবের মা, আবদুস সালাম ও সালামের বন্ধু হারুন-অর-রশীদ গাজীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালতে দেওয়া জবানবন্দিতে আফরোজা বলেন, তিনি পালিয়ে গিয়ে সালামকে বিয়ে করতে চেয়েছিলেন। সালামই শিহাবকে গলা টিপে মেরে ফেলেছেন।
২০০৯ সালের ১ সেপ্টেম্বর নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ আদালত এ হত্যা মামলায় আবদুস সালামকে মৃত্যুদণ্ড ও আফরোজাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় হারুন-অর-রশীদকে খালাস দেওয়া হয়।
আমিনুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, আফরোজা ও আবদুস সালাম বর্তমানে কারাগারে আছেন।