চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মনির আহমেদ চৌধুরী হত্যা মামলার রায়ে এক নারীকে যাবজ্জীবন ও তাঁর ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হুমায়ুন কবির ও তাঁর মা শামসুন নাহার। গতকাল সোমবার দুপুরে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. রবিউজ্জামান এ রায় দেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
২০০৫ সালের ১০ জুন চন্দনাইশ উপজেলা সদরে পূর্বশত্রুতার জের ধরে রূপালী ব্যাংকের কর্মকর্তা মনির আহমেদ চৌধুরীকে পিটিয়ে ও কোদাল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় মনির আহমেদের ছেলে তানভীর ইবনে মনির বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পরের বছরের ১৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০০৮ সালের ২৮ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়।
আদালতের সরকারি কৌঁসুলি সমীর দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার পর দণ্ডাদেশপ্রাপ্ত মা-ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। নিহত ব্যাংক কর্মকর্তা নগরের আগ্রাবাদ শাখায় রূপালী ব্যাংকে কর্মরত ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি গ্রামের বাড়িতে নির্মাণকাজ দেখতে গিয়েছিলেন।