মায়ের লাশ দেখতে এসে মারা গেলেন মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের মৃত্যুসংবাদ শুনে টঙ্গী থেকে বাবার বাড়িতে আসেন মেয়ে। মায়ের মরদেহ দেখে মেয়েও জ্ঞান হারানোর পর মারা গেছেন। গতকাল শনিবার জামালপুরের সরিষাবাড়ীতে এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া দুজন হলেন সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামের মতিউর রহমানের স্ত্রী ছখিনা বেগম (৫০) ও তাঁর মেয়ে জামালপুর পৌরসভার পাথালিয়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী মিনা বেগম (৩৮)।
মা ও মেয়ের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে ছখিনা বেগম জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে মিনা বেগম রাতেই টঙ্গী থেকে সরিষাবাড়ীতে রওনা দেন। রাত তিনটায় তিনি বাবার বাড়ি পৌঁছান। এ সময় তিনি মায়ের লাশ দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে জামালপুর সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। জামালপুর নেওয়ার পথে ভোর পাঁচটায় তিনি মারা যান।
মা ও মেয়ের মৃত্যুসংবাদ শুনে গতকাল সকালে এলাকাবাসী সেংগুয়া গ্রামের মতিউর রহমানের বাড়িতে ভিড় জমায়। গতকাল বাদ আসর জানাজা শেষে মা ও মেয়েকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ছখিনা বেগমের ছেলে ইউসুফ আলী বলেন, তাঁর বোন টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করেন। মায়ের মৃত্যুর সংবাদ শুনে তাঁর বোন বাড়িতে এসে মায়ের লাশ দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।