মায়ের সঙ্গে জেল থেকে মুক্তি পেল সাগর-সাগরিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই সন্তানসহ জেল থেকে বের হওয়ার পর টুম্পার হাতে একটি সেলাই মেশিন ও কাপড় কেনার জন্য নগদ পুঁজি তুলে দেন জেলা প্রশাসক। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৃহবধূ টুম্পা বাড়ৈকে (২৭) চেক প্রত্যাখ্যানের মামলায় এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। তখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। জেলে যাওয়ার এক মাসের মাথায় টুম্পা বাড়ৈর কোলজুড়ে আসে যমজ দুই নবজাতক সাগর ও সাগরিকা। যমজ ছেলেমেয়েকে নিয়ে পুরো মেয়াদেই কারাগারে কাটান টুম্পা। আজ বুধবার এক বছর পর টুম্পা মুক্তি পান। মায়ের সঙ্গে মুক্তি পেয়েছে যমজ ভাইবোন সাগর-সাগরিকা।

অন্যদিকে টুম্পার স্বামী হৃদয় পাণ্ডে (৩৫) চট্টগ্রামের একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। স্ত্রীর জেলে যাওয়ার খবরে ভেঙে পড়েন তিনি। কয়েক দিন পরে তাঁর বাঁ পা অবশ হয়ে যায়। চাকরি হারিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন তিনি। বেকার হৃদয় পাণ্ডে ১০ বছর বয়সী বড় ছেলে রুদ্র পাণ্ডেকে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছিলেন।

আজ সকাল ১০টার দিকে জেল থেকে মুক্তি পেলেও টুম্পার মনে কোনো আনন্দ ছিল না। আনন্দ ছিল না স্বামী হৃদয় পাণ্ডেরও। কারণ চাকরি নেই, ঘরে খাবারও নেই। বসতভিটা ছাড়া কোনো সম্বলও নেই যে সেটা দিয়ে কিছু করবেন। টুম্পার এই অসহায়ত্বের কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। জেল থেকে বের হওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে তাঁর হাতে একটি সেলাই মেশিন ও কাপড় কেনার জন্য নগদ পুঁজি তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় টুম্পার স্বামী হৃদয় পাণ্ডেও উপস্থিত ছিলেন।

টুম্পা বাড়ৈ প্রথম আলোকে বলেন, ‘কারাগারে বসেই বুঝতে পারি মুক্তির পর বেঁচে থাকার জন্য তাঁকে সংগ্রাম করতে হবে। এ জন্য ছোট্ট দুই সন্তানকে সামলানোর পাশাপাশি কারাগারে সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত সেলাই প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজকে পরিবারের অবস্থা জানাই। তিনি সহায়তার আশ্বাস দেন এবং জেল থেকে বেরিয়ে যোগাযোগ করতে বলেছিলেন। বুধবার মুক্তি পেয়ে যখন স্বামী-সন্তানদের নিয়ে কীভাবে চলব ভেবে অন্ধকার দেখছিলাম, তখন একটি সেলাই মেশিন ও কাপড় কেনার জন্য পুঁজি পেয়ে ভরসা পাচ্ছি। অন্তত হাতের কাজ করে বাচ্চাদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারব।’

প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, কারাগার থেকে মুক্তি পেয়ে টুম্পা বাড়ৈ তাঁকে ফোন দেন। এরপর তাঁকে সমাজসেবা কার্যালয়ে আসতে বলেন। তাঁর অসুস্থ স্বামী ও ছোট তিন বাচ্চার অসহায়ত্ব দেখে তাঁরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আপাতত সেলাই মেশিন ও কাপড় কেনার জন্য কিছু পুঁজি দিয়েছেন। ভবিষ্যতে তাঁকে আরও সহায়তা দেওয়া হবে।

টুম্পার স্বামী হৃদয় পাণ্ডে প্রথম আলোকে বলেন, ‘আমার স্ত্রীকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছিল। এতে আমার পরিবার, চাকরি সবকিছু তছনছ হয়ে গেছে। এখন অন্তত স্ত্রী হাতের কাজ করে সংসারটাকে একটু টেনে নিতে পারবে।’