মায়ের সঙ্গে ঝগড়ার জের ধরে শিশুকে নির্যাতন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়ায় মায়ের সঙ্গে ঝগড়ার জেরে চার বছরের এক শিশুর ওপর নির্মম নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে চাচির বিরুদ্ধে। ঘরের দরজা বন্ধ করে বুকের ওপর বসে শিশুটির গলা পর্যন্ত গামছা ঢুকিয়ে দেওয়া হয় ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত করা হয় বলে শিশুটির মা-বাবার অভিযোগ।
গত বুধবার ঘটনাটি ঘটলেও শিশুটিকে মারাত্মক আহত অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় গত শুক্রবার বিকেলে। শিশুটির নাম জিন্নাহ। সাঁথিয়া উপজেলার কুশিয়ারা গ্রামের জিয়াউর রহমানের তিন ছেলের মধ্যে সে দ্বিতীয়।
শিশুটির মা জুলেখা খাতুন জানান, তাঁর চাচাতো জা স্বপ্না খাতুনের (৩৫) সঙ্গে তাঁরা একই বাড়িতে বসবাস করেন। স্বপ্না খাতুন তিন ছেলের মা। বছর খানেক আগে হাঁস নিয়ে তাঁদের ঝগড়া হয়। এরপর কথাবার্তা বন্ধ ছিল। গত বুধবার দুপুর ১২টার দিকে স্বপ্না খাতুন জিন্নাহকে বিস্কুট দেওয়ার কথা বলে তাঁর ঘরে ডেকে নেন। এরপর ঘরের দরজা বন্ধ করে শুরু করেন নির্যাতন। শিশুটির বুকের ওপর চড়ে বসে তার মুখের ভেতর দিয়ে গলা পর্যন্ত গামছা ঢুকিয়ে দেন। এরপর গলা ও মুখে নখ অথবা ধারালো কিছুর সাহায্যে ক্ষতবিক্ষত করা হয়। শিশুটির গোঙানির শব্দে প্রতিবেশীদের সন্দেহ হলে ঘরের দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করা হয়।
গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, যন্ত্রণায় শিশুটি কাতরাচ্ছে। তার মুখমণ্ডল ও গলায় জখমের চিহ্ন। ঘটনার পর থেকে সে তেমন কিছুই খেতে পারছে না বলে তার মা জানান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, শিশুটির মুখের ভেতর গামছা জাতীয় কিছু ঢোকানো হয়েছিল। তার মুখমণ্ডল ও গলায় ক্ষত চিহ্নগুলো ঠিক কীভাবে হয়েছে, তা বোঝা যাচ্ছে না। তবে শিশুটির ওপর যে নির্মম নির্যাতন চালানো হয়েছিল, এটা স্পষ্ট। আপাতত শিশুটি আশঙ্কামুক্ত।
শিশুটির বাবা জিয়াউর রহমান জানান, ঘটনার সময় তিনি নরসিংদীতে ছিলেন। খবর পেয়ে শুক্রবার বাড়ি ফিরে ছেলেকে হাসপাতালে নিয়ে আসেন। স্থানীয় মাতব্বরেরা বিষয়টি সালিসের মাধ্যমে মিটমাট করে দেওয়ার কথা বলেছেন বলে তিনি জানান।