মায়ের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নে মিঠাপানিরছড়া কেন্দ্রের কাছে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে। সে তার মায়ের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়েছিল। সংঘর্ষে শিশুটিসহ ২০ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এক নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত শিশুটির নাম নুরুল আলম। তাকেসহ আহতদের প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা নূরে আলম দ্বীন বলেন, বেলা ১১টার দিকে আওয়ামী লীগ প্রার্থী আবুল হোসেন ও বিএনপির প্রার্থী নুরুল হাকিমের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে। কেন্দ্র থেকে কিছুটা দূরে গিয়ে দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষ হয়। এ সময় পাঁচ বছরের নুরুল আলমের পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। নুরল আলমসহ ২০ জন আহত হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, এটি কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা। কেন্দ্রের ভেতরে কোনো গোলযোগ হয়নি।