মায়ের সঙ্গে যোগাযোগ বন্ধের জন্য ছেলের গলায় চাকু ধরেন বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের গলায় চাকু ধরে মায়ের সঙ্গে যোগাযোগ না রাখার জন্য শাসিয়েছিলেন বাবা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক প্রয়াত আকতার জাহানের ছেলে আয়মান সোয়াদ আহমেদ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন অভিযোগ করেছে।

মায়ের মৃত্যুর ১৬ দিন পর গত সোমবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দেয় ছেলে সোয়াদ। গতকাল বিকেল পর্যন্ত তার ওই স্ট্যাটাস ৮২ জন শেয়ার করেছেন। সোয়াদের বাবা তানভীর আহমদও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ছেলের আনা অভিযোগ অস্বীকার করেছেন।

৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের নিজ কক্ষ থেকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়। ওই কক্ষ থেকে উদ্ধার করা সুইসাইড নোটে লেখা ছিল, ‘সোয়াদকে যেন ওর বাবা (তানভীর আহমদ) কোনোভাবেই নিজের হেফাজতে নিতে না পারে। যে বাবা সন্তানের গলায় ছুরি ধরতে পারে, সে যেকোনো সময় সন্তানকে মেরে ফেলতে বা মরতে বাধ্য করতে পারে।’

আকতার জাহানের মৃত্যুর পর তাঁর ছোট ভাই কারও নাম উল্লেখ না করে থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন। তানভীর আহমদ বিশ্ববিদ্যালয়ে নিজের বিভাগের এক ছাত্রীকে বিয়ে করেন এবং আকতার জাহানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেন। তাঁর ওই ছাত্রীও এখন সাংবাদিকতা বিভাগের শিক্ষক।

সোয়াদ ফেসবুক স্ট্যাটাসে তার গলায় বাবার চাকু ধরার ওই ঘটনার বিশদ বর্ণনা দেয়। মায়ের সঙ্গে এক বন্ধুর বাসায় যেতে বাবার অসম্মতির বিষয়ে প্রশ্ন করলে একপর্যায়ে উত্তেজিত বাবা ওই কাণ্ড করেন বলে সোয়াদ অভিযোগ করেছে। ‘অনেক দিন ধরেই আমার কাছে গলায় ছুরি ধরার ঘটনাটা জানতে চাওয়া হচ্ছে। আজকে বলেই দেই...’—এই বলে স্ট্যাটাস শুরু করে সোয়াদ। ইংরেজি-বাংলায় মেশানো স্ট্যাটাসটি শেষ হয়েছে এভাবে—‘...মেরে ফেলতে চাইলে মারো। আম্মাকে তো আমার সামনে মারার চেষ্টা করেছো। সিউরলি এটাও পারবে। তখন আব্বা চাকুটা ছুড়ে মাটিতে ফেলে দিলো এবং কিছু না বলে চলে যায় ঘরে..।’

ছেলের গলায় চাকু ধরার অভিযোগ অস্বীকার করে তানভীর আহমদ প্রথম আলোকে বলেন, ‘সোয়াদ কখনোই আব্বা-আম্মা শব্দ ব্যবহার করে না। সে বাবা-মামণি ডাকে। সে নামের বানানে আহমেদ নয়, আহমদ ব্যবহার করে। আর ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে সোয়াদ এত গুছিয়ে বাংলা লিখতে পারবে বলে আমার মনে হয় না। এ ছাড়া সোয়াদ বয়সের তুলনায় অনেক ইনোসেন্ট। সে এভাবে এক্সপ্রেশন দিতে পারে না। তার স্ট্যাটাস দেখে এগুলোতে আমি বিভ্রান্ত হচ্ছি।’

তবে স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে ১৪ বছরের আয়মান সোয়াদ আহমেদ প্রথম আলোকে বলল, ‘হ্যাঁ, স্ট্যাটাসটি আমি দিয়েছি। আমার মনে হয়, এগুলো সবার জানা দরকার। তাই আমি এগুলো লিখেছি।’ ফেসবুক আইডিতে তার নাম আয়মান সোয়াদ আহমেদ। সোয়াদ এখন ঢাকায় তার নানার বাড়িতে থাকে।