মায়ের সান্নিধ্যে খুশির উচ্ছ্বাস তৃষ্ণা ও কৃষ্ণার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশি যমজ শিশু তৃষ্ণা ও কৃষ্ণার জন্য খুশির উচ্ছ্বাস বয়ে এনেছে মায়ের সান্নিধ্য। এর আগে দুই মেয়েকে অস্বাভাবিক অবস্থায় দেখেছিলেন মা লাভলী মল্লিক। তখন মাথা জোড়া লাগানো ছিল তাদের। মেলবোর্নে গিয়ে তাদের আলাদা ও সুস্থ দেখে আনন্দে কেঁদে ফেলেন তিনি। মেয়েরাও তাঁকে নাড়ির টানে আপন করে নেয়। গতকাল বৃহস্পতিবার মা ও দুই মেয়ের আনন্দপূর্ণ পুনর্মিলনের বর্ণনা দিতে গিয়ে তাদের অস্ট্রেলীয় অভিভাবক ও মেলবোর্নভিত্তিক দাতব্য সংস্থা চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশনের প্রধান মোইরা কেলি বলেন, তিনি চান তৃষ্ণা ও কৃষ্ণার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মা ওদের সঙ্গেই থাকুন। এ মাসের শুরুর দিকে দুই মেয়েকে দেখতে মেলবোর্নে যান লাভলী মল্লিক (২৪)। মোইরা কেলি বলেন, ‘মাকে নিয়ে যখন ওদের কাছে যাই, তৃষ্ণা আমাদের উষ্ণভাবে বরণ করে নেয়। আমাদের সে নিবিড় মমতায় জড়িয়ে ধরে। আমাদের চোখের পানি মুছে দেয় সে। ওর মা তখন দুই হাত বাড়িয়ে বুকে টেনে নেয় ছোট্ট মেয়েটিকে। এটি ছিল সত্যিই এক বিশেষ মুহূর্ত।’ তিনি জানান, তৃষ্ণা মায়ের সঙ্গে কথা বলেছে, ঘুরে বেড়িয়েছে। কিন্তু কৃষ্ণা সেভাবে সাড়া দিতে পারেনি। কিডনির সমস্যায় ভুগছে সে। রয়েছে আরও কিছু জটিলতা, যা তার ঘুমের ব্যাঘাত ঘটায়। কেলি বলেন, শেষবার লাভলী যখন তাঁর মেয়েদের দেখেছিলেন, যেকোনো মানুষের জন্য তা রোমহর্ষক ব্যাপার। কাজেই এখন মেয়েদের ব্যাপারে বিশেষ স্মৃতি তৈরি করা তাঁর জন্য ছিল খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেলি বলেন, আরও বড় হওয়া পর্যন্ত তৃষ্ণা ও কৃষ্ণা অস্ট্রেলিয়ায় থাকবে। ততদিনে ওদের স্বাস্থ্যও আরও ভালো হতে হবে। তারপর ভালোয় ভালোয় মেয়ে দুটি বাংলাদেশে ফিরে গেলে তিনি খুশি হবেন। তবে তিনি চান, শিশু দুটির জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মা লাভলিও ততদিন পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকুন। পাশে থেকে মেয়েদের বেড়ে ওঠা দেখুন তিনি। দেখুন মেয়েদের জীবনের উল্লেখযোগ্য ঘটনা। তৃষ্ণা ও কৃষ্ণা মায়ের গর্ভে থাকাকালে চিকিৎসকেরা প্রথমে টিউমার বলে শনাক্ত করেছিলেন। পরে তাঁরা জানান, গর্ভে দুই যমজ শিশুর মাথা জোড়া লেগে আছে। এ সময় প্রবল চাপের মুখেও গর্ভপাত না ঘটানোর জন্য লাভলিকে বাহবা দেন কেলি। ২০০৬ সালের ডিসেম্বরে খুলনায় তৃষ্ণা ও কৃষ্ণার জন্ম। মাথা জোড়া লাগানোর সমস্যা থাকায় ওদের লালন-পালনে অক্ষম ছিলেন মা-বাবা। প্রথমে খুলনার মাদার তেরেসা হোম ও পরে ঢাকায় মাদার তেরেসা এতিমখানায় নিয়ে আসা হয় ওদের। চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশন তৃষ্ণা ও কৃষ্ণাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যায়। গত বছর নভেম্বরে ৩২ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারের মাধ্যমে তৃষ্ণা ও কৃষ্ণাকে আলাদা করা হয়। এএফপি।