মায়ের সামনে ছেলেকে গুলি করে হত্যা
যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকায় গতকাল সোমবার সরোয়ার হোসেন (২৭) নামের এক পরিবহন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একই এলাকার স্বপন চৌধুরী (৬৫) ও তাঁর ছেলে মো. রাজু (২২) দুজনকে আটক করা হয়েছে।হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে দুপুরে পরিবহন সংস্থা শ্রমিক সমিতি ও স্থানীয় বিক্ষুব্ধ লোকজন লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছেন। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁরা টালিখোলা এলাকায় মিঠু, টিটো, মিঠু (২) ও শিপনের বাড়িতে ভাঙচুর চালান এবং শিপনের মোটরসাইকেল পুড়িয়ে দেন। নিহত সরোয়ার শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার আবদুল কাদের সরদারের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সোয়া ছয়টার দিকে সরোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে মা আনোয়ারা বেগম অপর ছেলে নূর আলমকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় বাড়ির বাইরে ওত পেতে থাকা এলাকার চিহ্নিত পাঁচ সন্ত্রাসী সরোয়ারকে গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর মা আনোয়ারা বেগম জানান, স্থানীয় সবুজ ও জনিসহ পাঁচজন তাঁর ছেলেকে ধরে বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যান। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আধিপত্যের দ্বন্দ্বের জের ধরে স্থানীয় মিঠুর লোকজন সরোয়ারকে গুলি করে হত্যা করেছেন।ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যা: ঝিনাইদহ সদর উপজেলার সুতি-দুর্গাপুর গ্রামের একটি খাল থেকে ইউসুফ হোসেন (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একই উপজেলার লক্ষ্মীকোল গ্রামের ইব্রাহীম বিশ্বাসের ছেলে।ইউসুফের পারিবারিক সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঝিনাইদহ কার্যালয় চত্বর থেকে ১৮ এপ্রিল সন্ধ্যায় তাঁকে কে বা কারা অপহরণ করে মাইক্রোবাসে করে নিয়ে যায়। রোববার দুপুর ১২টার দিকে সুতি-দুর্গাপুর গ্রামের তীরতলা এলাকার একটি খালে তাঁর লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইউসুফ একটি হত্যা মামলায় কারাদণ্ড ভোগ করেছিলেন। প্রতিপক্ষও এ ঘটনা ঘটাতে পারে।