মায়ের সামনে বাস কেড়ে নিল ছেলের প্রাণ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাসের চাপায় রবিউল ইসলাম (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার খাড়েরা ইউনিয়নের দারোগাবড়ি এলাকায় মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়।রবিউল ওই ইউনিয়নের ধামসার গ্রামের আবু ছায়েদ মিয়ার ছেলে। সে ধামসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ত। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মহাসড়কটি আধঘণ্টা অবরোধ করে রাখে। পুলিশ বাসের চালককে গ্রেপ্তার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে মর্জিনা তাঁর ছেলে রবিউলকে নিয়ে দারোগা বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস রবিউলকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। এরপর এলাকাবাসী ওই স্থানে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে। আধঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় রবিউলের বাবা বাদী হয়ে কসবা থানায় মামলা করেছেন।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন, বাসটি জব্দ এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে। নিহত রবিউলের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।