মায়ের সামনে বাসের চাপায় প্রাণ গেল মেয়ের
চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড়ে বাসের চাপায় কামরুন নাহার নামের নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকার ওসমান গণির মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আবদুল হামিদ বলেন, সকালে শিশুটি তার মায়ের সঙ্গে কোতোয়ালি মোড়ে একটি টেম্পো থেকে নামে। টেম্পো থেকে নেমে মোড়ে দাঁড়িয়ে ছিলেন মা-মেয়ে। এ সময় যাত্রীবাহী একটি বাস শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তখন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, দুর্ঘটনার পরপরই চালককে আটক করা হয়েছে। জব্দ করা বাসটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।