মায়ের সামনে শিশুকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গত সোমবার মায়ের সামনে আকিব মিয়া (৭) নামের এক শিশুকে তার সৎভাই কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আকিবকে বাঁচানোর চেষ্টা করলে তার মা আলফিল আক্তারকেও কোপানো হয়। এ ঘটনায় গতকাল বুধবার মামলা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, ১০ বছর আগে আকিবের মায়ের সঙ্গে জসিমের বাবা খালেক মিয়ার দ্বিতীয় বিয়ে হয়। এর পর থেকে খালেকের দুই স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকত। প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে বনিবনা না হওয়ায় সম্প্রতি খালেক দ্বিতীয় স্ত্রীর বাড়িতে বসবাস শুরু করেন। সম্পত্তির লোভে জসিম সোমবার রাত সাড়ে নয়টার দিকে মধ্য গোবিন্দপুর গ্রামে রাম দা দিয়ে কুপিয়ে আকিবকে হত্যা করে। এ সময় আকিবের মা আলফিল ছেলেকে বাঁচানোর চেষ্টা করলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর আহত আলফিলকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে আকিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠায়।
হোসেনপুর থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। আকিবের বাবা খালেক বাদী হয়ে গতকাল থানায় একটি হত্যা মামলা করেছেন।