স্কুল ছুটি শেষে মায়ের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল স্বর্ণ বালা (৯)। শিঙাড়ার দোকান দেখে বায়না ধরে সে। মাকে রাস্তার এক পাশে রেখে নিজেই রাস্তার ওপারে শিঙাড়া কিনতে যায় স্বর্ণ। শিঙাড়া কিনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে স্বর্ণের ছোট্ট দেহটি। মায়ের চোখের সামনেই প্রাণ হারায় সে। গতকাল বৃহস্পিতবার দুপুরে চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকায় ঘটেছে মর্মান্তিক এই দুর্ঘটনা।
শিশু স্বর্ণসহ ছয় জেলায় আটজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত ৭৬ দিনে সারা দেশে প্রাণ হারাল অন্তত ৬৫৯ জন।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
চট্টগ্রামে নিহত শিশু স্বর্ণের কাকা দীপঙ্কর বালা প্রথম আলোকে বলেন, স্বর্ণ ওই এলাকার সাউথইস্ট ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা আধা ঘণ্টা মাঝিরঘাট সড়ক অবরোধ করে রাখে।
গতকাল সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে চরভাবলা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় ট্রাকের চালক নিহত হন। তাঁরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাজী মিয়া (৩০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার শহিদুল ইসলাম (২৭)। এদিকে গতকাল দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি এলাকায় চাকা ফেটে একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে এক যাত্রী নিহত হন।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের পদ্মবিলায় গতকাল সকালে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় রিয়াজ খান (১৮) নামের এক পথচারী নিহত হয়েছেন।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় দুপুরে বাসের ধাক্কায় আবুল কালাম (৫০) নামের মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
যশোরের শার্শা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত কৃষক করিম গাজী (৬৫) গতকাল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।
মাদারীপুরের রাজৈরের নয়াকান্দি এলাকায় দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস খোকন কির্ত্তনীয়াকে (২৩) চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।