মায়ের স্বপ্ন পূরণ হতে চলেছে
মা সুফিয়া বেগমের স্বপ্ন পূরণ হতে চলেছে এবার। ছেলে শফিক ইসলামের মেডিকেলে ভর্তির পুরো টাকা ও ছাত্রাবাসে থাকা-খাওয়ার খরচের একটি বড় অংশ বৃত্তি হিসেবে পাওয়ার ব্যবস্থা হয়েছে।
যশোরে শাড়ি-কাপড় ফেরি করে বিক্রি করে সংসার চালাতেন সুফিয়া বেগম। স্বপ্ন ছিল, ছেলে ডাক্তার হবেন। শফিকও মায়ের স্বপ্নপূরণে এতটুকু অবহেলা করেননি। এ বছর ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। এরপর ভর্তির ১৫ হাজার টাকা জোগাড় করতে কতখানেই না ধরনা দিয়েছেন।
এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘মায়ের স্বপ্ন পূরণ হবে তো?’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর দেশ-বিদেশের দুই শতাধিক মানুষ প্রথম আলো কার্যালয় ও প্রতিবেদকের কাছে ফোন করে মা ও ছেলের খোঁজখবর জানতে চান। পাঠকের আগ্রহে শফিকের নামে ডাচ্-বাংলা ব্যাংকের যশোর শাখায় একটি হিসাব খোলা হয়। গত রোববার পর্যন্ত ওই ব্যাংক হিসাবে ২৮ হাজার ৫৫৮ টাকা জমা পড়েছে। এ ছাড়া মেডিকেল কলেজে ভর্তির জন্য যশোর পৌরসভার মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার ও বেসরকারি সংস্থা আশা থেকে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এদিকে মেডিকেল কলেজের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত যশোর শহরের নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে মাসিক দুই হাজার এবং পৌরসভার মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে মাসিক এক হাজার করে মোট তিন হাজার টাকা বৃত্তির ব্যবস্থা হয়েছে।
ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে গত শনিবার ট্রাস্টের সদস্যসচিব শহীদ আনোয়ার বৃত্তির প্রথম মাসের টাকা মা ও ছেলের হাতে তুলে দেন। এ সময় তিনি ঘোষণা দেন, মেডিকেলে লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত শফিককে প্রতি মাসে দুই হাজার টাকা বৃত্তি দেওয়া হবে। মুঠোফোনে পৌর মেয়র মারুফুল ইসলাম বলেন, ‘আমি পৌরসভার মেয়র না থাকলেও শফিক মাসে এক হাজার টাকা করে বৃত্তি পাবে।’
সুফিয়া বেগম বলেন, ‘প্রথম আলো পাশে না থাকলে ছেলেকে ডাক্তার বানানোর আশা আমার পূরণ হতো না।’