মায়ের স্বপ্ন পূরণ হবে তো?

মাত্র ১৩ মাস বয়সে ছেলে মো. শফিক ইসলাম ওরফে শাহেদকে ফেলে চলে যান বাবা। তবে মা নিষ্ঠুর হতে পারেননি। পরম যত্নে ছেলেকে বুকে জড়িয়ে কঠিন সংগ্রামের পথে পা বাড়িয়েছেন। মাথা গোঁজার ঠাঁই ছিল না। তার পরও ছেলেকে ‘ডাক্তার বানানো’র স্বপ্ন দেখেছিলেন মা সুফিয়া বেগম।
সাতক্ষীরার নিজের গ্রাম ছেড়ে যশোর শহরে এসে শাড়ি-কাপড় ফেরি করে বিক্রি করতে শুরু করলেন। সেই রোজগারের টাকায় দুজনের থাকা-খাওয়া আর ছেলের লেখাপড়ার খরচ চালিয়েছেন। বিজ্ঞান বিভাগে ছেলেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করান। সেই ছেলে এ বছর ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু দুশ্চিন্তা তাঁর পিছু ছাড়েনি। কয়েক দিন পরই ছেলের মেডিকেলে ভর্তির দিন। ভর্তি হতে ২০ হাজার টাকার প্রয়োজন। সেই টাকার জন্য চড়া সুদের ঋণ পেতে তিনি বেসরকারি সংস্থা ও সমিতির দ্বারে দ্বারে ঘুরছেন। কয়েকটি সমিতি টাকা না দেওয়ার কথাও জানিয়ে দিয়েছে।
শফিক যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর এ বছর মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে মেধাতালিকায় ৬৭৩ নম্বর পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। আর মাত্র ১৫ দিন পরই ভর্তি হতে হবে তাঁকে।
শফিক ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাকে ডাক্তার বানানোর জন্য মা হাড়ভাঙা পরিশ্রম করে চলেছেন। শত দুঃখ-কষ্টের মাঝেও মা আমাকে কোনো পরিশ্রম করতে দেননি। তাঁর একটাই স্বপ্ন, আমাকে ডাক্তার হতে হবে। প্রথমবার মেডিকেলে চান্স হয়নি। অন্য কোনো ভার্সিটির ফরম মা তুলতে দেননি। এ বছর মাকে বলেছিলাম, মা, এবারও যদি সুযোগ না হয়, তাহলে কী করব। মা বলেছিলেন, “সুন্দর দেখে তোমাকে একটা রিকশা কিনে দেব। রিকশা চালিয়ে তুমি রোজগার করবা। আর আমি কাজ ছেড়ে দেব।”’ শফিক বলেন, ‘মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত।’
মা সুফিয়া বেগম বলেন, ‘আমার গায়ের রং কালো বলে বিয়ের কয়েক মাস পরই স্বামী আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করেছেন। ছেলের বয়স তখন ১৩ মাস। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় স্বামীর ভিটা। স্বামীর ভিটায় থাকা হলো না। ছেলেকে বুকে জড়িয়ে যশোর শহরে এসে এক বাসায় কাজ নিই। ছেলেকে প্রথমে মাওলানা বানানোর ইচ্ছা ছিল। মাদ্রাসায় ভর্তিও করলাম। মসজিদের ছাদে খেলা করার অপরাধে মাদ্রাসার এক হুজুর ছেলেকে ভীষণ মারধর করেছিলেন। ওই হুজুরের কাছে মারধরের কারণ জানতে চাইলে হুজুর উল্টো রেগে গিয়ে বলেন, “আপনার ছেলে বেয়াদব। ও মানুষ হবে না।” আমি বলেছিলাম, ‘আমার ছেলেকে আমি মানুষ করে আপনাকে দেখিয়ে দেব। ও লেখাপড়া করে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। টাকা-পয়সা জোগাড় করে ভর্তি করে দিতে পারলে স্বপ্ন সফল হবে।’
শফিকের ব্যাংক হিসাব
প্রথম আলো র অনেক পাঠক এ বছর ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মো. শফিক ইসলাম শাহেদকে আর্থিক সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁদের অনুরোধে শফিকের ব্যাংক হিসাব দেওয়া হলো:
মো. শফিক ইসলাম শাহেদ
হিসাব নম্বর: ১৬৩১০৫১৩৩৬৫
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, যশোর