মায়ের স্বাক্ষর জাল করে কারাগারে ছেলে
সৎমায়ের স্বাক্ষর জাল করে মামলা করার অভিযোগে ছেলে সুমন আহমেদ নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে এ ঘটনা ঘটে।
২০১৬ সালে ১৯২৫ সালের উত্তরাধিকার আইনের ৩৭৬ ধারায় উত্তরাধিকার সনদ চেয়ে একটি মামলা করা হয়। সুমন আহমেদ মামলায় তাঁর সৎমা ফারহানা আকতার, বোন সুলতানা পারভীনকে পক্ষ করেন। মামলা করার সময় সুমন তাঁর মায়ের সই জাল করেন। এত দিন মামলাটি স্বাভাবিক নিয়মে চললেও গতকাল সুমনের মা ফারহানা আকতার আদালতে দরখাস্ত দিয়ে বলেন, তাঁর সই জাল করে মামলাটি হয়েছে। বিচারক সাউদ হাসান আদালতে উপস্থিত সুমন আহমেদকে বিভিন্নভাবে জেরা করেন এবং ফারহানার আকতারের নমুনা স্বাক্ষর নেন। তাতে দেখা যায়, মূল মামলার করা স্বাক্ষরের সঙ্গে ফারহানা আকতারের স্বাক্ষরের মিল নেই।
এরপর বিচারক সই জাল করে মামলা করার অভিযোগে সুমন আহমেদকে আসামি করে প্রতারণার মামলা করার নির্দেশ দেন। একই সঙ্গে তাঁকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তরের নির্দেশ দেন আদালত।