মায়ের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে অদক্ষ হাতের অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তান প্রসবের সময় অদক্ষ হাতে অস্ত্রোপচার নারীদের স্থায়ী ও দীর্ঘমেয়ািদ শারীরিক ক্ষতি করছে৷ মাতৃমৃত্যুর হার কমিয়ে আনায় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও কারণে-অকারণে যেনতেন উপায়ে অস্ত্রোপচার এই নতুন ঝুঁকির সৃষ্টি করছে৷
সন্তান প্রসবের পর ঠিক কতজন মা স্থায়ী ও দীর্ঘমেয়াদি শারীরিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তার পরিসংখ্যান সরকারের কাছে নেই৷ তবে প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে, অস্ত্রোপচারের পর শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই মাসে অন্তত ৩০ জন রোগী মুমূর্ষু অবস্থায় ভর্তি হচ্ছেন৷ এঁদের বেশির ভাগই আসছেন অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে৷ তাঁদের কারও মূত্রথলি কেটে গেছে, কারও রক্তে সংক্রমণ (সেপটিসেমিয়া), কারও অস্ত্রোপচারের জায়গায় পুঁজ জমার মতো স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমস্যা রয়েছে৷ এ তথ্য গত ১৯ এপ্রিল থেকে ১৯ মের৷
এর বাইরে ঢাকা মেডিকেলের ন্যাশনাল ফিস্টুলা সেন্টারেও মায়েরা জটিল সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন৷ সেখানে ২০ মে ১৪ জন রোগীর আটজনই জানান, ফিস্টুলা সেন্টারে ভর্তির আগে অস্ত্রোপচারের সময় তাঁদের মূত্রথলি ক্ষতিগ্রস্ত হয়৷
এ ছাড়া জাতীয় কিডনি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, প্রতি মাসে কমপক্ষে চারজন রোগী ওই হাসপাতালে যাচ্ছেন, যাঁরা অদক্ষ হাতে পড়ে নানান সমস্যার শিকার হয়েছেন৷ যেমন: কারও একটি বা দুটি মূত্রনালিতে সেলাই দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মূত্রথলি, কারও অতিরিক্ত রক্তক্ষরণের জন্য কিডনিও বিকল হয়েছে৷
ভর্তি থাকা রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আক্রান্ত নারীদের বেশির ভাগেরই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই মারা গেছে৷
ঢাকা মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ফেরদৌসী ইসলাম প্রথম আলোকে বলেন, অদক্ষ হাতে যেনতেনভাবে অস্ত্রোপচার হওয়ায় অনেক সময় রোগীকে বাঁচানোই কঠিন হয়ে যায়৷
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক রেজাউল করিম কাজল প্রথম আলোকে বলেন, সি-সেকশন নামে পরিচিত এই অস্ত্রোপচারটি খুবই জটিল। কারণ, এর মাধ্যমে একই সঙ্গে দুটি জীবনের বাঁচা-মরা নির্ভর করে। অবেদন করার ১০ থেকে ২০ মিনিটের মধ্যে অস্ত্রোপচার করে বাচ্চা বের করতে হয়। জরায়ুর সঙ্গে একেবারে লাগোয়া থাকায় অদক্ষ হাতে অস্ত্রোপচারের কারণে মূত্রথলি বা মূত্রনালি অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় রক্তক্ষরণ বন্ধ হয় না।
স্থায়ী ও দীর্ঘমেয়াদি শারীরিক ক্ষতি
এই প্রতিবেদক ১৯ এপ্রিল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের সহযোগিতায় তথ্য সংগ্রহের কাজ শুরু করেন।
৩০ এপ্রিল ১০৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন শাহনাজ বেগম। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসায়৷ শাহনাজের স্বজন জানান, বাড়ির কাছে তাঁরা একজন চিকিৎসকের প্রাইভেট ক্লিনিকে গিয়েছিলেন। অস্ত্রোপচারের পর রক্ত বন্ধ করতে না পেরে ওই চিকিৎসক চম্পট দেন। শাহনাজের স্বজন অবশ্য ওই চিকিৎসক বা ক্লিনিকের নাম বলতে পারেননি।
১ মে ভর্তি ছিলেন নাজমা বেগম। তাঁর রক্তে মারাত্মক সংক্রমণ (ইনফেকশন)। ফুসফুস ও পেটে পানি জমা। কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর অবস্থা খুবই খারাপ। একই সঙ্গে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে। নাজমার বোন শাহনাজ জানান, তাঁদের বাড়ি ভোলার চরফ্যাশনে। তাঁরা শহরের একটি ক্লিনিকে অস্ত্রোপচার করান। নাজমা প্রাণে বেঁচে গেলেও সন্তান মারা গেছে। রোগীর পরিস্থিতি জটিল দেখে ক্লিনিক থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। ছয় ঘণ্টার লঞ্চযাত্রার পর তাঁরা ঢাকা মেডিকেলে পৌঁছান।
শুধু যে বেসরকারি ক্লিনিকেই এমনটি ঘটছে, তা নয়। ঢাকার সরকারি একটি বড় মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় জান্নাতকে। ইনস্টিটিউটটি বিশেষায়িত হলেও জান্নাত অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা পাননি। গত ২০ এপ্রিল জান্নাতের স্বজন জানান, পেটের রক্ত বেরিয়ে যাওয়ার জন্য লাগানো ড্রেন টিউব দিয়ে প্রস্রাব বের হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এই রোগীর কিডনি-লিভার সবই শেষ।
৩০ এপ্রিল ফিস্টুলা ওয়ার্ডে চিকিৎসাধীন বিবি রহিমা বলেন, সন্তান জন্মানোর ১৪ দিন পর তিনি বুঝতে পারেন, সব সময় প্রস্রাব হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর মূত্রথলি কেটে গেছে। রহিমা বলেন, তিনি লক্ষ্মীপুরে সরকারি হাসপাতালে গিয়েছিলেন। ছুটির দিন থাকায় চিকিৎসক পাননি। পরে একজন দালালের সহযোগিতায় ক্লিনিকে যান এবং সন্তানের জন্ম দেন।
কেন অদক্ষ হাতে অস্ত্রোপচার: অনেক সময় শহরের বাইরে সরকারি হাসপাতালে চিকিৎসকের সংকট, চিকিৎসক থাকলেও হাসপাতালে অনুপস্থিতির কারণে অদক্ষ হাতে অস্ত্রোপচারের ঘটনা ঘটছে৷
সরকারের মা ও নবজাতক স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপক মো. আলমগীর আহমেদ বলেছেন, দেশে এ মুহূর্তে ১৩২টি উপজেলায় জরুরি প্রসূতিসেবার (ইওসি) অবকাঠামো আছে। তবে চালু আছে ১০১টি৷ এর বাইরে ৪৮০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের ব্যবস্থা রয়েছে৷
কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, প্রসূতিসেবার এই চিত্র অনেকটাই কাগজে-কলমে৷ কারণ, অস্ত্রোপচারের জন্য কমপক্ষে একজন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ বা প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক এবং একজন অবেদনবিদ প্রয়োজন৷ অথচ দেশে অবেদন বিশেষজ্ঞের ৫০৭টি পদের বিপরীতে আছেন ২০৭ জন৷ আর স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অনুমোদিত ৪৪৭টি পদের বিপরীতে আছেন ২৫৪ জন৷ অবেদনবিদ্যার প্রশিক্ষণপ্রাপ্তদের ১৫৩টি পদের মধ্যে আছেন ৫২ জন।
এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ২৪টি জেলার ইওসি সেন্টারে জরিপ চালিয়ে দেখেছে, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার চিকিৎসকের ৬০ শতাংশ এবং অবেদনবিদ ও শিশুরোগ বিশেষজ্ঞদের ৭০ শতাংশ পদ শূন্য।
মাঠপর্যায়ে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা আছে ঢাকা মেডিকেলের এমন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞরা বলছেন, কিছু চিকিৎসক আছেন যাঁরা নিজেদের ‘হোল বডি সার্জন’ বলে পরিচয় দেন। বাংলাদেশের চিকিৎসাব্যবস্থায় এ রকম কোনো শল্য বিশেষজ্ঞের স্বীকৃতি নেই। কিন্তু তাঁরা পা থেকে মাথা পর্যন্ত সব অঙ্গপ্রত্যঙ্গে অস্ত্রোপচার করেন। এঁদের হাত থেকে বাদ পড়ে না সি-সেকশনও। এই হোল বডি সার্জনরা প্রায়ই সুনির্দিষ্ট জায়গায় ছুরির পোঁচ না দিয়ে জরায়ুর নিচে মূত্রথলিতে পোঁচ দিয়ে বসেন। সেলাই দেওয়ার সময় মূত্রনালি বেঁধে ফেলেন। কিডনি থেকে মূত্রনালি দিয়ে শরীর থেকে প্রস্রাব বের হয়ে যাওয়ার কথা। মূত্রনালি বেঁধে দেওয়ায় প্রস্রাব বন্ধ হয়ে যায়। এতে করে কিডনি বিকল হয়। রোগীর ডায়ালিসিস ছাড়া আর উপায় থাকে না।
পূর্ণাঙ্গ তথ্য নেই: ২০১৪ সালে প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে দেখা যাচ্ছে, অস্ত্রোপচার বেশি হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায়। গত বছর বেসরকারি ব্যবস্থাপনায় অস্ত্রোপচার হয়েছে এক লাখ ৫২ হাজার ৫৭৪টি আর সরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে এক লাখ ১৮ হাজার ৭৮৯টি। কিন্তু বেসরকারি পর্যায়ে কোথায়, কোন অবস্থায় নারীরা অস্ত্রোপচার করাচ্ছেন, তার সুনির্দিষ্ট তথ্যও সব সময় মিলছে না।
মা ও নবজাতক স্বাস্থ্য কর্মসূচির দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোনো কোনো সময় এসব বেসরকারি ক্লিনিকে কেবল ভুয়া চিকিৎসক নন, লোকজন বা প্রয়োজনীয় অবকাঠামো না থাকলেও চিকিৎসকদের কেউ কেউ অস্ত্রোপচার করছেন৷ ‘অর্ডার’ দিয়ে মানুষের বিবেক জাগ্রত করা যায় না।