মায়ের হাতে ছেলের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাজ আইয়াজ হোসেনের সম্মাননা মাদার তেরেসা পুরস্কার নিচ্ছেন মা সিমিন হোসেন (ডান থেকে দ্বিতীয়)। এ সময় মঞ্চে ছিলেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই (বাঁয়ে), মাদার তেরেসার অনুগামী সিস্টার প্র্যাকসি ও ফারাজ হোসেনের বড় ভাই যারেফ হোসেন (ডানে)। ভারতের মুম্বাইয়ের জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলের প্রধান হলে এক অনুষ্ঠানে রোববার এ পুরস্কার দেওয়া হয়। ছবি: প্রথম আলো
ফারাজ আইয়াজ হোসেনের সম্মাননা মাদার তেরেসা পুরস্কার নিচ্ছেন মা সিমিন হোসেন (ডান থেকে দ্বিতীয়)। এ সময় মঞ্চে ছিলেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই (বাঁয়ে), মাদার তেরেসার অনুগামী সিস্টার প্র্যাকসি ও ফারাজ হোসেনের বড় ভাই যারেফ হোসেন (ডানে)। ভারতের মুম্বাইয়ের জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলের প্রধান হলে এক অনুষ্ঠানে রোববার এ পুরস্কার দেওয়া হয়। ছবি: প্রথম আলো

ছবিটা এ রকম। রোববার ভারতীয় সময় রাত নয়টা। এখনই শেষ হলো পয়লা জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁর অন্যতম শহীদ ২০ বছরের ফারাজ আইয়াজ হোসেনের ওপর তোলা একটা অডিও ভিজ্যুয়াল। শেষ শটটায় ফ্রেমের আধখানাজুড়ে স্মিতহাস্য ফারাজের মুখ, বাকি আধখানাজুড়ে বড় বড় করে লেখা, ‘হি চোজ ফ্রেন্ডস ওভার লাইফ’।

মুম্বাইয়ের বিমানবন্দরের কাছে পাঁচতারা জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলের প্রধান হলের নিভে যাওয়া সব আলো জ্বলে উঠল। ঘোষিকা মঞ্চে আসতে অনুরোধ করলেন ফারাজের মা সিমিন হোসেন ও বড় ভাই যারেফকে। মঞ্চে ততক্ষণে উঠে এসেছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও মাদার তেরেসার অনুগামী সিস্টার প্র্যাকসি। তাঁদের মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন পুত্রসহ সিমিন। হলের সবাই উঠে দাঁড়িয়েছেন অবিরাম করতালির মধ্যে।

ফারাজ হোসেনের মাদার তেরেসা পুরস্কার এবং সম্মাননা হাতে ফারাজের মা সিমিন হোসেন ও ভাই যারেফ হোসেন। ছবি: প্রথম আলো
ফারাজ হোসেনের মাদার তেরেসা পুরস্কার এবং সম্মাননা হাতে ফারাজের মা সিমিন হোসেন ও ভাই যারেফ হোসেন। ছবি: প্রথম আলো

হারমনি ফাউন্ডেশনের মাদার তেরেসা স্মৃতি পুরস্কারের শেষটা এভাবেই হলো ফারাজকে সম্মান জানানোর মধ্য দিয়ে। মায়ের হাতে ছেলের সম্মাননা তুলে দিলেন হামিদ কারজাই ও সিস্টার প্র্যাকসি। এই প্রথম বিদেশি কোনো ‘নায়ক’কে মরণোত্তর সম্মান জানাল হারমনি ফাউন্ডেশন। সৃষ্টি হলো সংগঠনের এক নতুন অধ্যায়ের।

সিমিন হোসেন প্রথমেই বললেন, ‘ছেলেকে আমি মানুষের মতো একজন মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছি। ফারাজ যাদের ভালোবাসে, যারা তার বন্ধু, তাদের ছেড়ে সে কাপুরুষের মতো আচরণ করেনি। ফারাজ, তোমার জন্য আজ আমি পৃথিবীর সবচেয়ে গর্বিত মা।’ পুরো হল ফের ফেটে পড়ল করতালিতে।

মুম্বাইয়ের জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলের প্রধান হলে বক্তব্য দেন ফারাজ আইয়াজ হোসেনের মা সিমিন হোসেন। ছবি: প্রথম আলো
মুম্বাইয়ের জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলের প্রধান হলে বক্তব্য দেন ফারাজ আইয়াজ হোসেনের মা সিমিন হোসেন। ছবি: প্রথম আলো

জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলের প্রধান হলের ঠিক বাইরে মালালা ইউসুফজাইয়ের একটা ছবি। ২০১২ সালে এই মাদার তেরেসা পুরস্কার পাওয়ার পর যে কথা তিনি বলেছিলেন, স্মিতহাস্য ছবির নিচে তা লেখা। মালালার কথাটি এ রকম, ‘আমার স্থির বিশ্বাস, মনকে প্রকৃত শিক্ষিত করার মধ্য দিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব। তবে শুধু মনের দীক্ষাই নয়, প্রয়োজন হৃদয় ও অন্তরাত্মাকে শিক্ষিত করা।’

কী আশ্চর্য, ফারাজের ওপর তৈরি ছোট্ট অডিও ভিজ্যুয়াল শেষ হওয়া মাত্র যখন ঘোষিত হলো, অকালে পুত্রহারা সিমিন হোসেন ও ভ্রাতৃহারা যারাফের নাম, সংক্রামক ব্যাধির আগ্রাসনের মতো সবার চোখ যখন চিকচিক করছে, মালালার কথাটি তখনই বাঙ্‌ময় হয়ে উঠল। শুধু শিক্ষা নয়, প্রয়োজন হৃদয় ও অন্তরাত্মার প্রকৃত শুদ্ধি। মৃত্যুমুখ থেকে ফিরে আসা ১৯ বছরের মালালা যে কথাটি পুনর্জন্ম পেয়ে বলতে পেরেছিলেন, জীবন দিয়ে সেই কথাটাই তো বলে গেলেন ২০ বছরের ফারাজ! একই উপমহাদেশের একই জলবায়ুতে বড় হওয়া একই বয়সী দুই কিশোর-কিশোরীর উপলব্ধি উপস্থিত সবার হৃদয় থেকে হৃদয়ে অনুরণিত হতে থাকল!

মঞ্চে উঠে গেলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, চিত্রপরিচালক মহেশ ভাট। সিমিনের সঙ্গে কথা বলতে বলতে ফারুকের কণ্ঠ রুদ্ধ হলো। কোনোরকমে কান্না চেপে সিমিনের হাত ধরে তিনি বললেন, ‘আপনি প্রকৃতই শিক্ষিত করেছেন ফারাজকে।’ আর তারপর উপস্থিত সবার উদ্দেশে বললেন, ‘আসুন, আজ এই সন্ধিক্ষণে আমরা সবাই হাতে হাত ধরে মানববন্ধন করে শপথ নিই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা জয়ী হবই। সন্ত্রাসের জবাবে সন্ত্রাস নয়, আমরা হৃদয়ের বদল ঘটাব। এই হোক আমাদের অঙ্গীকার।’
অতঃপর মন্ত্রমুগ্ধের মতো সবাই মানবিক হয়ে সন্ত্রাস দমনে অঙ্গীকারবদ্ধ হলেন। আঙুলে আঙুলে সবার শিকলি কাটা। হাত তোলা মাথার ওপর। চিবুক দৃঢ়।

ফারাজ হোসেনের মাদার তেরেসা পুরস্কার পাওয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফারাজের মা ও ভাইসহ অতিথিরা। ছবি: প্রথম আলো
ফারাজ হোসেনের মাদার তেরেসা পুরস্কার পাওয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফারাজের মা ও ভাইসহ অতিথিরা। ছবি: প্রথম আলো

সদ্য যৌবনে পা দেওয়া এক কিশোরের পক্ষে কী করে সম্ভব এই সাহস অর্জন করা? জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গ না ছাড়ার এই সংকল্প ২০ বছরের এক যুবক কী করে আয়ত্ত করতে পারেন? হলের থিকথিকে ভিড়ে বিস্ময় হয়ে জেগে রইল সেটাই। অনুষ্ঠান শেষে ফারুক আবদুল্লা ও হামিদ কারজাই প্রথম আলোকে তার যে ব্যাখ্যা দিলেন, অতি সংক্ষেপে তা পরিবারের শিক্ষা ও মূল্যবোধ।
মালালা যে শিক্ষার কথা বোঝাতে চেয়েছেন, সেটারই অপর নাম এই পারিবারিক শিক্ষা বা ‘আপব্রিঙ্গিং’। আর মূল্যবোধ? দেশ, জাত, ধর্ম, বর্ণকে ছাপিয়ে পয়লা জুলাইয়ের হলি আর্টিজানে সন্ত্রাসীদের কুনাট্যের পাশাপাশি পরম মানবিকতার যে চিত্রনাট্য লেখা হয়েছিল, সেটাই আজ হয়ে দাঁড়িয়েছে বিশ্বজোড়া বন্ধুতার নতুন সংজ্ঞা। হিতোপদেশের সেই ভল্লুকের গল্প আজ নতুন আকারে নতুন উদাহরণ হয়ে উপস্থিত। প্রকৃত বন্ধু সে-ই, বিপদে বন্ধুকে ছেড়ে যে প্রাণ বাঁচাতে পালায় না। ফারাজকে সম্মানিত করে হারমনি ফাউন্ডেশন সেই সংজ্ঞাকে স্বীকৃতি দিয়ে নিজেদেরই সম্মানিত করল। ফাউন্ডেশনের সভাপতি অ্যাব্রাহাম মাথাই প্রথম আলোকে সেটাই কবুল করে বললেন, প্রকৃত নায়ক তো তাঁরাই।
আরও পড়ুন:
ফারাজের শুরু করা যুদ্ধে এখন আমরা সবাই