মা-ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবেন
মা-ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবেন বলে জানিয়েছে কক্সবাজারের জেলা প্রশাসন। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মা-ইলিশ সংরক্ষণ’বিষয়ক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময় ইলিশ বিক্রি ও পরিবহনেও নিষেধাজ্ঞা থাকবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত শাস্তি নিশ্চিত করবেন।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ারুল নাসের, জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ।
সভায় নৌবাহিনী, পুলিশ, কোস্টগার্ডের প্রতিনিধি, ট্রলার মালিক সমিতির নেতারাসহ মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।