মা-ছেলের একত্রে এইচএসসি পাস

ছেলের সঙ্গে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন শাহনাজ বেগম। তিনি নাটোর পৌর এলাকার মল্লিকহাটি মহল্লার রুহুল আমিনের স্ত্রী।
শাহনাজ চলতি বছর নাটোর মহিলা কলেজ থেকে বিএম (ব্যবসা ব্যবস্থাপনা) শাখায় কম্পিউটার অপারেশন ট্রেডে পরীক্ষা দিয়েছিলেন। গত রোববারের প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি জিপিএ-৪.৮৩ পেয়ে পাস করেছেন। আর ছেলে রাকিব আমিন এবার কারিগরি শিক্ষা বোর্ডের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রেড (ভোকেশনাল) থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। রাকিব পেয়েছেন জিপিএ-৩.৬৭।
শাহনাজ বলেন, ‘২২ বছর আগে এসএসসি পাস করার পরপরই বিয়ে হয়। স্বামীর সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। বাধ্য হয়ে স্থানীয় একটি ক্লিনিকে ছোট চাকরি নিই। কোলজুড়ে আসে দুই সন্তান। তাদের লালন-পালন ও চাকরি নিয়ে ব্যস্ত থাকায় লেখাপড়ার কথা মাথায় আনতে পারিনি। গত বছর বড় ছেলের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হলে নিজেকে আর ধরে রাখতে পারিনি। ভাবতে থাকি, আরও কিছু পড়ালেখা করলে একটু বড় পদে চাকরি করা যাবে। সম্মান বাড়বে, উপার্জন বাড়বে। মনের ইচ্ছাটা স্বামী-সন্তানদের জানাই। তাদের উৎসাহে ছেলের সঙ্গে আমিও ফরম পূরণ করি। আগের থেকে পড়ালেখা বদলে গেছে। তাই ফলাফল নিয়ে কিছুটা ভয় ছিল। এ ছাড়া ছেলের সঙ্গে পরীক্ষা দিয়ে ফেল করলে কী হবে, তা নিয়েও দুশ্চিন্তা ছিল। অবশেষে আমি সফলতা পাই। সুযোগ পেলে আমি আরও পড়ালেখা করব।’
রাকিব বলেন, নিজের ফলাফলে তিনি সন্তুষ্ট নন। তবে মায়ের ফলাফলে তিনি খুশি।
শাহনাজের ভাই ও স্থানীয় সাংবাদিক কাউছার আলী বলেন, ‘ব্যতিক্রম কিছু করার কথা বলে আমি বোনকে নতুন করে লেখাপড়া শুরু করতে উৎসাহ দিতাম। বইপুস্তক কিনে দিতাম। এখন ফলাফল শুনে খুব ভালো লাগছে।’
শাহনাজের স্বামী রুহুল আমিন বলেন, ‘বিয়ের পর শাহনাজের পড়ালেখা অব্যাহত রাখা আমার উচিত ছিল। সংসারের ঝামেলায়
তা পারিনি।’