থিয়েটারের কোনো কর্মীর জন্মদিন হলে তা ঘটা করে পালন করেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের কর্মীরা। তখন কেক, ফুল আর উপহারের ছড়াছড়ি থাকে। আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তাঁরা। ব্যতিক্রম ছিল গতকাল সোমবারের আয়োজনটি। এ আয়োজন যাঁকে কেন্দ্র করে, তিনি নেই। তবু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর জন্মদিন উপলক্ষে এক মিনিট দাঁড়িয়ে নীরবে তাঁর হত্যার প্রতিবাদ করেন কর্মীরা।
গত বছরের ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের জঙ্গল থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। দেশব্যাপী আলোচিত ওই হত্যাকাণ্ডের কোনো আসামি দীর্ঘ সময়েও শনাক্ত হয়নি। মামলার অগ্রগতিও জিজ্ঞাসাবাদেই আটকে আছে। মৃত্যুর পর ২৯ জানুয়ারি ছিল তনুবিহীন প্রথম জন্মদিন।
এদিকে গতকাল বেলা ১টা ২০ মিনিটে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা তনুর মা আনোয়ারা বেগম, বাবা ইয়ার হোসেন ও তনুর খালাতো বোন লাইজু জাহানকে জিজ্ঞাসাবাদের জন্য হত্যাকাণ্ডের স্থান ও পুরোনো বাসায় ডেকে নিয়ে যান। সন্ধ্যা ৭টা পর্যন্ত সিআইডির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁদের কথা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার ও তদন্ত-সহায়ক দলের প্রধান আবদুল কাহার আকন্দসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তনুর ছোট ভাই আনোয়ার হোসেন ওরফে রুবেল বলেন, তনুর প্রকৃত জন্ম তারিখ ২৯ জানুয়ারি। প্রতিবছর পারিবারিকভাবে জন্মদিন পালন করা হতো। এ বছর তনু নেই, তাই জন্মদিনও পালিত হয়নি। তার ওপর গত ২৮ ডিসেম্বর দাদা লতিফ খান মারা যাওয়ায় পরিবারের সবার মন খারাপ। এ ছাড়া আছে নানা ধরনের হয়রানি ও চাপ।
তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘যে নাই, তার জন্মদিন পালন করে লাভ কী? সিআইডি গতকাল আমাদের ডেকে নেয়। এরপর তারা আমাদের বলে, বিচার অইব। এখন আল্লাহই জানেন, সিআইডিই জানে।’ তনুর বাবা ইয়ার হোসেন বলেন, ‘সিআইডির দল এসে তনুর লাশ যেখানে পাওয়া যায়, সেখানে এবং আমাদের আগের বাসায় নিয়ে যায়। এখনো সিআইডি বলতেছে, আমরা দেখতাছি।’
মামলার অগ্রগতি সম্পর্কে জানতে গতকাল রাতে তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি রাশেদুল ইসলাম বলেন, ‘তনুর জন্মদিন ছিল ২৯ জানুয়ারি। আমরা ওই দিন তাঁকে স্মরণ করতে পারিনি। গতকাল তনুকে ভিন্নভাবে স্মরণ করা হয়। সব নাট্যকর্মী এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করি। ফেসবুকে কেউ কেউ ছবি পোস্ট করেন। এর বেশি বলতে চাই না।’