মা-বাবার কপালে দুশ্চিন্তার ভাঁজ

কোলজুড়ে যমজ সন্তান আসছে প্রযুক্তির কল্যাণে তা আগেই জানতে পেরেছিলেন মা-বাবা। শিশুদের নিয়ে অনেক স্বপ্নই মনে পুষে রেখেছিলেন তাঁরা। শিশু দুটির জন্মও হলো। কিন্তু মা-বাবার স্বপ্নে হানা দিল দুশ্চিন্তা আর বিষাদ।
মেহেরপুরের গাংনীতে গত শনিবার জন্ম নেয় সংযুক্ত যমজ কন্যাশিশু। তবে জীবন-সংকটে থাকা শিশু দুটিকে উন্নত চিকিৎসা ছাড়া বাঁচানো সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মা-বাবা এবং পরিবারের স্বজনেরাও শিশু দুটিকে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন।
পরিবারের লোকজন ও চিকিৎসকেরা জানান, গাংনীর কাজিপুর গ্রামের রাহিবুল ইসলামের স্ত্রী রুমিয়া খাতুনকে (২৯) গত শুক্রবার বামন্দী ইউনিয়নের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। শনিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ আবদুস সালাম ওই ক্লিনিকে তাঁর অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারে এই সংযুক্ত যমজ শিশুর জন্ম হয়।
আবদুস সালাম জানান, শিশু দুটির শরীর আলাদা থাকলেও বুকের মধ্যভাগ থেকে নািভ পর্যন্ত চামড়া জোড়া রয়েছে। তাদের নািভও একটি। হৃদ্যন্ত্র, পাকস্থলী আলাদা কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
আবদুস সালাম আরও বলেন, ইরানেও এমন যমজ শিশুর জন্ম হয়েছিল। তাঁরা ১৯ বছর পর্যন্ত একসঙ্গে বেড়ে উঠেন। পরে বিশ্বের কয়েকজন বড় চিকিৎসকের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করতে গিয়ে বিপত্তি ঘটে। এমন অস্ত্রোপচারে সফল বা বিফল দুটোই হতে পারে।
মা ও শিশুরা ওই ক্লিনিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জেড এম রায়হান কবীরের তত্ত্বাবধানে রয়েছে। রায়হান কবীর বলেন, শিশু দুটির ভবিষ্যৎ এখনই বলা যাচ্ছে না।
রুমিয়া খাতুন বলেন, ‘পাঁচবার আলট্রাসনোগ্রাম করেছি। কেউই সংযুক্ত যমজ শিশুর কথা বলেননি। শিশুদের ভবিষ্যৎ কী হবে তা ভেবে পাচ্ছি না।’
রাহিবুল ইসলাম বলেন, তিনি ক্ষুদ্র ব্যবসায়ী। শিশু দুটির চিকিৎসা খরচ চালানোর সামর্থ্য তাঁর নেই। এ অবস্থায় শিশু দুটির ভবিষ্যৎ নিয়ে তিনি খুবই দুশ্চিন্তায় রয়েছেন।