২০১৩ সালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশের বয়রা গ্রামের শিশু রাব্বি (১০) গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে টাকা ও রাব্বির বাবা, মা ও বড় ভাইকে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন উপাচার্য। কিন্তু দুই বছর পার হলেও তাঁদের চাকরি স্থায়ী হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ১৬ জানুয়ারি ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার, নিয়োগ-বাণিজ্য ও টেন্ডারবাজির জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি শামসুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ওরফে ইমনের পক্ষের মধ্যে ওই সংঘর্ষ টানা চার দিন চলে। ১৯ জানুয়ারি দুই পক্ষের গোলাগুলির সময় শিশু রাব্বি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ছাড়া তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ অবস্থায় টানা ৩৭ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে।
২০ জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট-সংলগ্ন মাঠে রাব্বির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বর্তমান ধর্মমন্ত্রী মতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হক, তৎকালীন জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া ও পুলিশ সুপার গোলাম কিবরিয়াসহ দেড় হাজার মানুষ অংশ নেন। তাঁদের সামনে উপাচার্য ক্ষতিপূরণ হিসেবে রাব্বির পরিবারকে দুই লাখ টাকা ও পরিবারের তিনজনকে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী চাকরি দেওয়ার ঘোষণা দেন।
ঘটনার কিছুদিন পর বিশ্ববিদ্যালয় প্রশাসন রাব্বির বাবা দুলাল মিয়াকে পরিবহন শাখায় এবং মাকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে অস্থায়ী ভিত্তিতে চাকরি দেয়। কিন্তু দুই বছর পেরোলেও তাঁদের চাকরি স্থায়ী হয়নি। রাব্বির ভাইয়ের বয়স ১৮ না হওয়ায় তাকে চাকরি দেয়নি প্রশাসন। তবে ওই পরিবারকে দুই লাখ টাকা দেওয়া হয়েছে।
এদিকে আগামী আগস্ট মাসে উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। সেই সঙ্গে তিনি অবসরেও যেতে পারেন। এতে ওই দম্পতির চাকরি স্থায়ী হওয়া অনিশ্চিত হয়ে পড়ছে। রাব্বির বাবা দুলাল মিয়া মুঠোফোনে বলেন, ‘মাস্টাররোলে চাকরি করতাছি। এহনো স্থায়ী করে নাই। এহন বেতন অনেক কম। কোনো ভাতা বা সুবিধাও নাই।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বলেন, এই উপাচার্য থাকাকালে চাকরি স্থায়ী না হলে অন্য উপাচার্য চাকরি স্থায়ী না-ও করতে পারেন। তখন এই পরিবারটি আর কারও কাছে যেতে পারবে না।
এ বিষয়ে উপাচার্য মো. রফিকুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ে চাকরি স্থায়ীকরণের প্রক্রিয়া আপাতত বন্ধ আছে। একটি কমিটি তাঁদের স্থায়ীকরণের জন্য কাজ করছে। ওই পরিবারের জন্য অনেক কিছু করা হয়েছে। ভবিষ্যতেও করা হবে।