মা-বাবার নামে ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা ধস
রানা প্লাজা ধস

সাভারে ধসে পড়া রানা প্লাজার কর্ণধার সোহেল রানার নামে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার কাশিমপুর কারাগারে আটক রানার কাছে ওই নোটিশ পৌঁছে দেয় কারা কর্তৃপক্ষ। দুদক সূত্র প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। ২৯ এপ্রিল বেনাপোলে র্যা বের হাতে রানা গ্রেপ্তার হন। দুদক সূত্র জানায়, আইন অনুযায়ী নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে আইনজীবীর মাধ্যমে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দুদকে জমা দিতে হবে। অবশ্য এই সময়ের মধ্যে বিবরণী জমা দিতে ব্যর্থ হলে আরও সাত কার্যদিবস সময় বাড়িয়ে নেওয়া যাবে।
এদিকে সোহেল রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদাভাবে মামলার সুপারিশ করে বৃহস্পতিবার কমিশনে দুটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। অনুসন্ধান সূত্র জানায়, তাঁদের নামে প্রায় ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। প্রতিবেদন দুটি খতিয়ে দেখে মামলা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন।
রানা প্লাজা ধসের ঘটনায় ১ হাজার ১৭৫ জন প্রাণ হারান। আহত হন অনেকে। হতাহতের বেশির ভাগই পোশাকশ্রমিক। এ ঘটনায় নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে রানার মা-বাবা, সংশ্লিষ্ট প্রকৌশলীসহ ১৭ জনের বিরুদ্ধে ২০১৪ সালের ১৫ জুন মামলা করে দুদক। তবে তাতে রানাকে আসামি করা হয়নি।
দুদক সূত্র জানায়, অনুসন্ধানে আবদুল খালেকের নামে ১০ কোটি ২৪ লাখ ও মর্জিনা বেগমের নামে ৬ কোটি ৬৭ লাখ টাকার (দুজনের নামে মোট ১৬ কোটি ৯১ লাখ টাকার) জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তাঁরা তথ্য গোপন করেছেন।
রানার মা-বাবার বিরুদ্ধে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করেছেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম। রানার বিরুদ্ধে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করছেন তিনি।
খালেক ও মর্জিনার স্থাবর সম্পদের মধ্যে সাভার বাসস্ট্যান্ডে ৫০ শতাংশ জমি (যেখানে রানা প্লাজা ছিল), সাভার বাজার রোডে আটতলা বাণিজ্যিক ভবন, বাজার রোডের বি-৬৯/১ ঠিকানায় পাঁচতলা আবাসিক ভবন, রানা প্লাজার পেছনে সুমি টাওয়ার নামে ছয়তলা আবাসিক ভবন, মানিকগঞ্জের সিঙ্গাইরে জয়মণ্ডপ এলাকায় দোতলা বাড়ি, রানা ব্রিকস, এম এ কে ব্রিকস ও রানা অয়েল মিল। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে এক্সিম ব্যাংকের সাভার বাজার শাখায় ৩৫ লাখ টাকার এফডিআর, ন্যাশনাল ব্যাংকের সাভার শাখায় তিনটি হিসাব এবং ব্র্যাক ব্যাংক সাভার বাসস্ট্যান্ড শাখায় দুটি হিসাবে থাকা অর্থ।
জানা গেছে, রানা প্লাজার মালিক আবদুল খালেক হলেও ভবনটির পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করতেন তাঁর ছেলে রানা।
রানা প্লাজার ঘটনায় নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিষয়ে দুদকের করা মামলায় বলা হয়, রানা প্লাজা নির্মাণের জন্য সাভার পৌরসভা থেকে অনুমোদন নেওয়া হয়েছিল ২০০৬ সালের ১০ এপ্রিল। ২০০৮ সালের ২২ জানুয়ারি খালেকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ছয়তলার ওপর আরও চারটি তলা নির্মাণের অনুমতি দেয় পৌরসভা কর্তৃপক্ষ, যা মূল নকশাবহির্ভূত। ওই চারটি তলার অনুমোদন পাওয়ার ক্ষেত্রে সোহেল রানা প্রভাব খাটিয়েছেন।
দুদক ইতিমধ্যে আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেছে।