মা-বাবার সঙ্গে মেলানো হবে নবজাতকের ডিএনএ
রাজশাহী নগরের নওদাপাড়া এলাকার নগর মাতৃসদন থেকে চুরি যাওয়ার পর উদ্ধার হওয়া নবজাতকটির বাবা-মায়ের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশ। এ জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্ক্রিনিং ল্যাবরেটরিতে ওই নবজাতক ও মা-বাবা দাবিদারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় ডিএনএ নমুনা দিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় স্ক্রিনিং ল্যাবরেটরিতে ১৪ দিন বয়সী ওই বাচ্চাকে কোলে করে নিয়ে আসেন মা-বাবা দাবিদার মুক্তি খাতুন ও নাসির উদ্দিন। এরপর হাসপাতালের চিকিৎসক আমেনা খাতুন তাঁদের রক্তের নমুনা ও আঙুলের ছাপ সংগ্রহ করেন।
নবজাতক চুরির মামলার তদন্ত কর্মকর্তা ও শাহ মখদুম থানার উপপরিদর্শক মতিয়ার রহমান বলেন, ‘আমরা প্রায় নিশ্চিত হয়েছি বাচ্চাটি মুক্তি ও নাসিরের। তারপরও কোনো ধরনের বিতর্ক যেন না থাকে, সে জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।’ তিনি বলেন, হাসপাতালের এই ল্যাবরেটরি থেকে নমুনা ঢাকার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ডিএনএ পরীক্ষাগারে পাঠানো হবে। সেখান থেকেই প্রতিবেদন আসবে।