মা-মেয়েকে নির্যাতন করে উচ্ছেদের চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর গ্রামের এক বিধবা নারী এবং তাঁর মেয়েকে নির্যাতন করে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
ওই বিধবা নারীর নাম রাবেয়া খাতুন (৭০) এবং তাঁর মেয়ের নাম মালেকা খাতুন (৪৫)। রাবেয়ার অভিযোগ, তাঁর দেবর দেলোয়ার হোসেন মীর ওরফে দেলু মাস্টার বাড়ি থেকে তাঁদের উচ্ছেদের জন্য ১০ জন পুরুষকে দিয়ে নির্যাতন করাচ্ছেন৷
জানা গেছে, রাবেয়া খাতুনের ছয় মেয়ে৷ চার বছর আগে তাঁর স্বামী আবদুল গনি মীর মারা যান৷ এর আগেই ছয় মেয়ের বিয়ে হয়৷ পরে দুই মেয়ে মালেকা খাতুন ও রহিমা খাতুনের বিয়ে হলে তাঁদের স্বামী তাঁদের ছেড়ে চলে গেছেন৷ এর পর থেকে তাঁরা মায়ের সঙ্গে বসবাস শুরু করেন৷ তবে চাচা দেলোয়ার হোসেনের নির্যাতন সইতে না পেরে রহিমা ঢাকায় গৃহপরিচারিকার কাজ করছেন৷
রাবেয়া খাতুন বলেন, স্থানীয়ভাবে মীর বাড়ি নামে পরিচিত জায়গার মালিক তাঁর শ্বশুর কব্বোত আলী মীর৷ তাঁর তিন ছেলে ও দুই মেয়ে৷ ইতিমধ্যে এক ছেলে ও এক মেয়ে মারা গেছেন৷ কব্বোত আলী মৃত্যুর সময় বাড়িসহ প্রায় ২০ একর জমি রেখে যান। তাঁর ছোট ছেলে দেলোয়ার লেখাপড়া করেছেন। অন্য সন্তানেরা লেখাপড়া জনেন না৷ এই সুযোগ নিয়ে দেলোয়ার বাবার জমির কাগজপত্র হাতিয়ে নেন ও ভাইবোনদের বলেন, ‘বাবা খাজনা না দেওয়ায় সব জমি নিলাম হয়ে গেছে।’ পরে বাড়ি বাদে অন্য সব জমি দেলোয়ার দখল করে নেন৷ অন্য ভাইবোন দেলোয়ারের অত্যাচারে একসময় বাড়ি ছেড়ে চলে যান৷ তবে বড় ভাই আবদুল গনি বাড়ি ছাড়েননি। চার বছর আগে তিনিও মারা যান৷ এরপর রাবেয়ার ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। দেলোয়ার এই বাড়ি ছেড়ে বাবার আরেক জমিতে বসতবাড়ি গড়েন৷ আর বাবার বাড়িতে সিডু, সৃজন, খায়ের আলী, আবদুল রশিদ, খোরশেদ আলম, কামাল উদ্দিন, কালিমুল্যাহ, আবু কালাম, মনোয়ার আলীসহ ১০ ব্যক্তিকে থাকতে (ওরকাইত) দেন৷ এই ১০ জন সুযোগ পেলেই রাবেয়া ও মালেকার ওপর মানসিক নির্যাতন করেন। লাঠিসোঁটা নিয়ে তাঁদের ঘরবাড়ি ভাঙচুর করেন৷ গাছের ফল কেটে নিয়ে যাচ্ছেন৷ রাতে আপত্তিকর অবস্থায় ঘরে ঢুকে গালাগাল করছেন৷ এমনকি হত্যা করে হলেও জমি দখলের হুমকি দিচ্ছেন৷
দেলোয়ার হোসেন মীর অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ভাতিজি ও ভািবর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি বাবার ভিটা ত্যাগ করেছেন।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াসিন লিটন বলেন, ‘আমি অভিযোগ শুনেছি৷ ওই নারীদের গ্রাম আদালতে নালিশ দিতে বলেছি৷’
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, গত বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে৷