নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় শিশুসন্তানসহ এক মা নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় নিহত হয়েছেন এক যাত্রী। স্বজনের অভিযোগ, চালকের সহকারী ধাক্কা দিলে তিনি চাকার নিচে পিষ্ট হন। ময়মনসিংহে বাসচাপায় শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে একটি বাস পুড়িয়ে দিয়েছেন।
গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত আরও পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয় জন। এ নিয়ে গত ১২ দিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩৭ জন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারীর কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কের কেল্লাবাড়ীতে গতকাল দুপুরে ট্রাক্টরের ধাক্কায় একটি রিকশাভ্যানের যাত্রী সাহেরা বেগম (৩২) ও তাঁর দেড় বছরের মেয়ে আশেকা আক্তার নিহত হয়েছে। সাহেরা কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের ময়নামতি গ্রামের হাচান আলীর স্ত্রী।
ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার রাতে বাসচাপায় বলাই কৃষ্ণ দাস (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিক ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে একটি বাসে আগুন দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুরে গতকাল দুপুরে বাসচাপায় মাসুম মিয়া (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উত্তর সুহিলপুর ইউনিয়নের বাসিন্দা মাসুমের মামাতো ভাই ইব্রাহিমের অভিযোগ, চালকের সহকারী গাড়ি চলন্ত অবস্থায় ধাক্কা দিলে মাসুম বাসের নিচে চাপা পড়েন।
সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামে গতকাল সকালে আবদুল মাজেদ নামের এক ব্যক্তি নিজের ট্রলির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।
কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রুহুল আমিন (৪০) নামের এক মাছ ব্যবসায়ী বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত হয়েছেন। গতকাল সকালে একটি বাসের ছাদে চড়ে কুমিল্লা যাচ্ছিলেন তাঁরা।
সোমবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিরাজুল ইসলাম, মাসুদ রানা ও জাহাঙ্গীর ইসলাম গুরুতর আহত হন। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিরাজুল মারা যান।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ বাজারে গতকাল দুপুরে ট্রলির চাপায় জামসেদ আলী (৪২) নামের এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন।
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় মনতাজ উদ্দিন (৮০) নামে এক ইমাম ও এক অজ্ঞাত নারী (৩৫) নিহত হয়েছেন। গতকাল বিকেলে মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ভাঙাদোকান এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল মনতাজকে ধাক্কা দেয়। এ ছাড়া গত সোমবার সন্ধ্যায় বড় দারোগাহাট এলাকায় মহাসড়কে পা বিচ্ছিন্ন হওয়া এক নারী পড়ে ছিলেন। ফায়ার ব্রিগেড কর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় মনতাজ উদ্দিন (৮০) নামে এক ইমাম ও এক অজ্ঞাত নারী (৩৫) নিহত হয়েছেন। গতকাল বিকেলে ও গত সোমবার সন্ধ্যায় দুর্ঘটনা দুটি ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ভাঙাদোকান এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল মনতাজকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।