বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল বৃহস্পতিবার কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন মা-মেয়ে। এ ছাড়া আরও চারটি স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
এ নিয়ে গত ১৯১ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল অন্তত ১ হাজার ৮১৯ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
দুপচাঁচিয়া উপজেলা সদরের মেইল বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে গতকাল দুপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী তাঁর শিশুসন্তানসহ নিহত হয়েছেন। তাঁরা হলেন জেসমিন নাহার (২৫) ও সুমাইয়া আকতার (৮)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক জেসমিনের স্বামী সাদেকুল ইসলাম (৩৮)। তিনি দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আদমদীঘি উপজেলার সান্তাহার কাশমিল্লা গ্রামের বাসিন্দা সাদেকুল স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক।
চুয়াডাঙ্গা সদর উপজেলায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওসমান হারুন (৩৪) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। দুপুরে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের ভীমরুল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা ওসমান মুদি ব্যবসায়ী ছিলেন।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পিকআপ ভ্যানচাপায় এক পথচারী নিহত হয়েছেন। দুপুরে ভিটিকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাঁর নাম আবদুল অহিদ (৬০)।
রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক ভ্যানচালক নিহত হয়েছেন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফেনীর দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক (৩৫) নিহত হয়েছেন। সকালে উপজেলার ফেনী-নোয়াখালী সড়কের আমিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।