মা-মেয়েসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় গতকাল মঙ্গলবার বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। গত দুদিনে জামালপুরের মেলান্দহ ও বকশীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সরাইলে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন।
সিলেটে নিহত তিনজন হলেন: সিলেট শহরতলির টুলটিকর এলাকার বাসিন্দা আল আমিনের স্ত্রী রুকসানা বেগম (৩৫), তাঁর মেয়ে মীম আক্তার (১২) ও অটোরিকশাচালক সিলেট শহরের মেন্দিবাগ এলাকার আবদুস সালাম (৩০)। নিহত অপর চারজন হলেন: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খেয়ারচর গ্রামের মোশারফ হোসেন (২৫), শেরপুর জেলার মুন্সিরচর গ্রামের ওয়াহেদ মিয়ার ছেলে হাফেজ আবদুল্লাহ (১৯), কুমিল্লার মুরাদনগর উপজেলার কুলারবাড়ী গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে আবু কাউছার (১৮) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চাঁনপুর গ্রামের কৃষক আতর আলী (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর;
সিলেট: সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী রুকসানা ও তাঁর মেয়ে মীম মারা যান। আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান অটোরিকশাচালক সালাম। জামালপুর: গতকাল বেলা তিনটার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হাফেজ আবদুল্লাহ আহত হন। আশঙ্কাজনক অবস্থায় জামালপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বকশীগঞ্জ উপজেলার খেয়ারচর গ্রামে গত সোমবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে উপজেলা শহর থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। পথে ঝালরচর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি খাদে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): শনিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কালামুড়িয়া সেতুর কাছে মুকিমপুর এলাকায় সুগন্ধা পরিবহনের একটি বাস ইটভর্তি একটি ট্রাক্টরকে অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসের ধাক্কায় ট্রাক্টরটিও খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরের চালকের সহকারী আবু কাউছার নিহত ও বাসের ১২ জন যাত্রী গুরুতর আহত হন।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): গতকাল দুপুরে সরাইল উপজেলা সদরের স্থানীয় হাসপাতাল মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষক আতর আলী নিহত হয়েছেন। এ সময় তিনি সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন।