মা-মেয়েসহ দগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কক্সবাজারের টেকনাফে আগুনে ২৩টি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার দুপুরে টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকার আবু ছিদ্দিক কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কলোনিতে নিম্ন আয়ের লোকজন থাকেন।
ফায়ার সার্ভিস জানায়, কলোনির একটি ঘর থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দ্রুত আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ফাতেমা বেগম, তাঁর মেয়ে রেহেনা বেগম ও নূর মোহাম্মদ নামের তিনজন দগ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক আফরোজা সুলতানা বলেন, দগ্ধ তিনজনের মধ্যে ফাতেমার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, থানার ওসি মো. মাইন উদ্দিন খান।
কলোনির মালিক জালাল আহমদ বলেন, আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পুলিশ, বিজিবি সদস্যসহ পাশাপাশি আশপাশের শত শত লোক যোগ দেন। কিন্তু আশপাশে কোনো পুকুর না থাকায় পানির সংকটে আগুন নেভাতে দেরি হয়।
টেকনাফ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, কলোনিতে পানির উৎস ছিল না। প্রায় দুই কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হয়েছে। যে কারণে আগুনে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।