ফেনী সদর উপজেলায় মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মা ও মেয়ে নিহত এবং তিনজন আহত হয়েছেন। এ ছাড়া আরও চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাতজন। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
এ নিয়ে সারা দেশে গত ৮২ দিনে সড়কে প্রাণ হারালেন অন্তত ৭১৪ জন। প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফেনী সদর উপজেলার কসকা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাস ও একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে মাইনুর বেগম (৩৫) ও তাঁর মেয়ে ফারজানা আক্তার (৭) ঘটনাস্থলে নিহত হয়। নিহত ব্যক্তিদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সৈয়দনগর গ্রামে।
গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আমিনুল ইসলাম (২৮) ও আল আমিন (২৩) নামের দুই যুবক নিহত হয়েছেন। মাওনা মহাসড়ক থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, গতকাল ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালক আল আমিন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে পিকআপের মালিক আমিনুল নিহত হন।
রাজশাহীর বাঘায় ধানবোঝাই ট্রলি উল্টে চালক সোহেল রানা (২৬) ও জয়েল মোল্লা (৩৫) নামের দুজন নিহত হয়েছেন।
জামালপুরের সরিষাবাড়ীর পুঠিয়ারপাড় বিসমিল্লাহ মোড়ে গতকাল কাভার্ড ভ্যানের চাপায় আবদুল মান্নান (৬৫) ও হাতেম আলী (৭০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিবার জানিয়েছে, সকালে আবদুল মান্নান ও হাতেম আলী বিসমিল্লাহ মোড়ে সরিষাবাড়ী-তারাকান্দি সড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় তারাকান্দিগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ওপর উঠে গেলে তাঁরা নিহত হন।
চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকের ধাক্কায় মো. নেজাম উদ্দিন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় পিকআপ ভ্যানচালকের সহকারী ছিলেন। নিহত নেজাম গতকাল দুপুরে সাতকানিয়ার বিওসির মোড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ট্রাক তাঁকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।