মা-হারা সেই শিশুটি অসুস্থ হয়ে পড়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে নিহত গৃহবধূর দুগ্ধপোষ্য শিশুটি মায়ের সান্নিধ্য পেতে ব্যাকুল হয়ে উঠেছে। এ অবস্থায় ছয় মাস বয়সী শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। গত বুধবার শিশুটির বাবা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগে নিয়ে যান।
শিশুটির নাম হুমাইয়া আক্তার। সে মধুপুর গ্রামের বাচ্চু মিয়া ও ফাতেমা আক্তারের (২২) মেয়ে। গত ৩০ জুন দুর্বৃত্তরা ফাতেমার শরীরে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
বাচ্চু মিয়া বলেন, ‘ঘটনার পর ২২ দিন ধরে হুমাইয়া মায়ের বুকের দুধ পেতে কেঁদে চলেছে। আগে সে মায়ের কোলে চুপ করে থাকত। এখন মায়ের সান্নিধ্য না পাওয়ায় সব সময় কাঁদে। কেবল ঘুমের সময়টা কান্নার বিরাম থাকে। স্ত্রীর শেষ চিহ্নটুকু বাঁচিয়ে রাখতে গ্রামের লোকজনের পরামর্শে শিশুটিকে হাসপাতালে নিয়ে এসেছি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগের প্রধান নুরুজ্জামান খান বলেন, হুমাইয়া নামের শিশুটির বুকে কফ জমেছে। মায়ের বুকের দুধ না পাওয়ায় শিশুটি খানিকটা দুর্বল। হাসপাতাল থেকে কিছু ওষুধ ও গুঁড়ো প্রোটিন দেওয়া হয়েছে।