মিউজিয়াম কাউন্সিলের গঠনতন্ত্র তৈরি করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কিউরেটর শামসুল হোসাইন বলেছেন, দেশের যেসব শহরে বা অঞ্চলে একাধিক জাদুঘর আছে, সরকারি উদ্যোগে সেখানে স্থানীয় মিউজিয়াম কাউন্সিল গঠন করে জাদুঘর ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, প্রদর্শনী, সংরক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম উন্নয়নের পদক্ষেপ নিতে হবে। মিউজিয়াম কাউন্সিলের গঠনতন্ত্র তৈরি করতে হবে।গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘর মিলনায়তনে আয়োজিত সেমিনারে শামসুল হোসইন মূল প্রবন্ধে এসব কথা উল্লেখ করেন। সেমিনারের বিষয় ছিল ‘জাদুঘর ব্যবস্থাপনা ও পর্যটন: পরিপ্রেক্ষিত জাতিতাত্ত্বিক জাদুঘর’। এর আয়োজন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘর।সেমিনারে আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শাহরিয়ার তালুকদার ও কবি-সাংবাদিক আবুল মোমেন। সভাপতিত্ব করেন জাতিতাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক কাম কিপার মো. আমিরুজ্জামান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভুঁইয়া ইকবাল, মাহবুবুল হক, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক মো. জসিম উদ্দিন, ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর ব্যুরোপ্রধান রাইসুল হক বাহার প্রমুখ।সেমিনারের আলোচক শাহরিয়ার তালুকদার বলেন, প্রতিটি জাদুঘরের জন্য একটি ক্ষেত্র সমীক্ষা দল গড়ে তোলা প্রয়োজন। আবুল মোমেন বলেন, জাদুঘরের শৈল্পিক ও ঐতিহ্যিক উপকরণের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে। তা না হলে একে শুধু পেশা হিসেবে নিলে জাদুঘর গড়ে উঠবে না।