মিগ-২৯ মামলায় শেখ হাসিনার রিটের রায় আজ
মিগ-২৯ যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের রায় দেওয়া হবে আজ মঙ্গলবার। দ্বিতীয় দিনে গতকাল সোমবার হাইকোর্টে উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিন রায়ের দিন নির্ধারণ করেন।সকালে শুনানিতে শেখ হাসিনার আইনজীবীরা বলেন, এ মামলার এফআইআর ও অভিযোগপত্রে অপরাধের কোনো উপাদান নেই। বাংলাদেশ ও ভারতীয় সুপ্রিম কোর্টের নজির তুলে ধরে আইনজীবীরা বলেন, পদ্ধতিগত ত্রুটির কারণে মামলা বাতিলের নজির আছে। তাই মামলাটি বাতিলযোগ্য। এ ছাড়া আইন অনুযায়ী, অভিযোগ গঠনের সময় আসামিদের অভিযোগের সংশ্লিষ্টতা, উপস্থিতিসহ সামগ্রিক বিষয় আলোচনা ও বিবেচনা করতে হবে। এর ব্যত্যয় ঘটেছে, তাই মামলাটি বাতিলযোগ্য। দুদকের আইনজীবী বলেন, অভিযোগ গঠনের সময় বিষয়টি চ্যালেঞ্জ করা হয়েছে। এর ওপর রুল জারি করা হয়েছে। তাই পুরো মামলা বাতিল হতে পারে না। শুধু অভিযোগ গঠনের অংশ বাতিল হতে পারে। এ মামলায় অভিযোগের সারবস্তু রয়েছে দাবি করে দুদকের কৌঁসুলি বলেন, এ মামলাটি ইতিপূর্বে হাইকোর্টে বাতিলের আবেদন করা হয়। হাইকোর্ট তা খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছিলেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। আপিল বিভাগ আবেদন খারিজ (ডিসমিসড) করে দেন। তাই এফআইআর ও অভিযোগপত্রে অভিযোগের সারবস্তু রয়েছে।আদালতে উপস্থিত আইনজীবী আনিসুল হকের কাছে আদালত আইনগত ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, এফআইআর ও অভিযোগপত্রে আইনগত ত্রুটি থাকলে সরকারপক্ষের করা মামলা খারিজ হয়ে যাবে। অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, অভিযোগ গঠন অবৈধ হলে, যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি দায় থেকে অব্যাহতি পাবেন। অন্য মামলায় উপস্থিত মওদুদ আহমদের কাছে আদালত মতামত জানতে চাইলে তিনি বলেন, মিগ কেনার সিদ্ধান্ত ভুল হলেও তা ফৌজদারি অপরাধের আওতায় পড়ে না। বিএনপি-জামায়াত জোট আমলে ২০০১ সালের ১১ ডিসেম্বর রাজধানীর তেঁজগাও থানায় আটটি মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগ এনে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেন তত্কালীন দুর্নীতি দমন ব্যুারোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ।