মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয়-সংক্রান্ত দুর্নীতি মামলায় নয় বছর পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল সোমবার মামলার বাদী দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ সাক্ষ্য দিয়েছেন। ঢাকার বিভাগীয় বিশেষ জজ আবদুল মজিদ তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। আগামী ৩ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।গতকাল আসামিদের মধ্যে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা মির্জা আখতার মারুফ আদালতে হাজির ছিলেন। আসামি সাবেক প্রতিরক্ষাসচিব ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাদ, বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) জামাল উদ্দিন আহম্মেদ আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। অপর আসামি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মুস্তাফিজুর রহমান মারা গেছেন। এ মামলার আসামি তালিকা থেকে হাইকোর্টের নির্দেশে ৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দেওয়া হয়েছে।১৯৯৯ সালের ৯ ফেব্রুয়ারি রাশিয়ার কাছ থেকে আটটি মিগ-২৯ যুদ্ধবিমান কেনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। প্রয়োজন না থাকা সত্ত্বেও এসব যুদ্ধবিমান ক্রয় করে সরকারের ৭০০ কোটি টাকা ক্ষতির অভিযোগে ২০০১ সালের ১১ ডিসেম্বর শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়। ২০০৩ সালের ২৯ জানুয়ারি শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো।