মিছবাহুরকে আসামিপক্ষের জেরা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মিছবাহুর রহমান চৌধুরীকে জেরা অব্যাহত রেখেছে আসামিপক্ষ। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল মঙ্গলবার তাঁকে তৃতীয় দিনের মতো জেরা করা হয়।আসামির কাঠগড়ায় নিজামীর উপস্থিতিতে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। মিছবাহুর বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান।ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) কোনো গঠনতন্ত্র সাক্ষী দেখেছেন—আইনজীবীর এই প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, দেখেছেন। গঠনতন্ত্রটি কোন ভাষায় লেখা—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলা ভাষায়। ওই গঠনতন্ত্র তদন্ত সংস্থা চেয়েছিল কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চেয়েছিল, কিন্তু না থাকায় আমি দিতে পারিনি।’ ছাত্রসংঘ ও শাহী ফৌজের সদস্য থাকার কোনো নথি তদন্ত সংস্থাকে দিয়েছিলেন—এই প্রশ্নে তিনি বলেন, ‘না চাওয়ায় দেইনি।’সাক্ষী কখনো ছাত্রসংঘের সম্মেলনে যোগ দিয়েছিলেন—এই প্রশ্নের জবাবে মিছবাহুর বলেন, ১৯৬৮ ও ১৯৬৯ সালে তিনি মৌলভীবাজারে ছাত্রসংঘের সম্মেলনে গিয়েছিলেন। পরের কয়েকটি প্রশ্নের জবাবে বলেন, সম্মেলনে ৮০ জনের মতো স্কুল ও কলেজের ছাত্র ছিল। কলেজের যত ছাত্র ছিল, তাদের অনেকেই একাত্তরে আলবদর ও রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিল।পরে আসামিপক্ষের আইনজীবী সাক্ষীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেন। তাঁকে জেরার জন্য ১৬ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলায় দশম সাক্ষীকে জেরা শেষ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী কাজী মো. নুরুল আবছারকে গতকাল জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। আজ বুধবার রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী এস এম মাহবুব-উল-আলমকে জেরা করা হবে। গত ২৮ আগস্ট তাঁরা ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।এই মামলার কার্যক্রমের শুরুতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুম মঙ্গলবারের দৈনিক সংগ্রাম-এ প্রকাশিত দুটি প্রতিবেদনের বিষয়ে ট্রাইব্যুনালের কাছে আপত্তি জানান। তিনি বলেন, এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষী হাজির করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ অসত্য। গোলাম আযমের বিরুদ্ধে তিনজন সাক্ষী হাজির ছিলেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রাইব্যুনালের কার্যক্রমে বাধা সৃষ্টির জন্য এই প্রতিবেদন করা হয়েছে।এ সময় ট্রাইব্যুনাল সাংবাদিকদের আরও সতর্কতার সঙ্গে প্রতিবেদন করতে বলেন। ট্রাইব্যুনাল বলেন, অনেক সময় শুধু সাজেশন (আইনজীবীর মত) দিয়ে প্রতিবেদনের শিরোনাম করা হয়, কিন্তু সাজেশনের জবাব লেখা হয় না। এমন আংশিক বক্তব্য দিয়ে শিরোনাম করা থেকে বিরত থাকতে হবে।আপিলের সময় কমানোর বিষয়ে প্রতিক্রিয়া: ট্রাইব্যুনালের রায়ের পর আপিলের সময় কমানো-সংক্রান্ত খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন প্রসঙ্গে গতকাল সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতাদের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘আপিলের সময়সীমা কমানোর প্রস্তাব ন্যায়বিচারের পরিপন্থী ও নজিরবিহীন। এই মামলাগুলো নতুন ধরনের, এর জন্য অনেক পড়াশোনা করে কৌশল ঠিক করতে হয়। কিন্তু আপিলের সময় কমানোর কারণে আমরা সেই প্রস্তুতি থেকে বঞ্চিত হব। বিচার দ্রুত শেষ করতে এই সংশোধনী আনা হচ্ছে।’তবে জেয়াদ-আল-মালুম বলেন, ‘এতে আসামিপক্ষের ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার কিছু নেই। বরং নতুন এই বিধান আসামিদের দ্রুত বিচার পাওয়ার অধিকারের দিকে লক্ষ রেখে করা হয়েছে। এ জন্য এটি সময়োপযোগী।’ট্রাইব্যুনালে উগান্ডা হাইকোর্টের প্রতিনিধিদল: উগান্ডা হাইকোর্টের আন্তর্জাতিক অপরাধ বিভাগের একটি প্রতিনিধিদল গতকাল ট্রাইব্যুনালের কার্যক্রম পর্যবেক্ষণ করে। প্রতিনিধিদলে ছিলেন উগান্ডা হাইকোর্টের আন্তর্জাতিক অপরাধ বিভাগের বিচারপতি ড্যান একিকি কিজা, বিচারক আলফনসে চিগাময় ওইনি-ডল্লো ও এলিজাবেথ ইবান্ডা-নাহামিয়া এবং রেজিস্ট্রার টাডো আসিময়ি। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁরা ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম দেখেন। প্রতিনিধিদলকে চলমান বিচার-প্রক্রিয়ার বিভিন্ন বিষয় অবহিত করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসিরুদ্দীন মাহমুদ, ডেপুটি রেজিস্ট্রার মেছবাহউদ্দিন আহমেদ ও সহকারী রেজিস্ট্রার শওকত হোসেন।প্রতিনিধিদলটি দুই ট্রাইব্যুনালের বিচারক, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দল (প্রসিকিউশন) ও তদন্ত সংস্থার সদস্যদের সঙ্গে দেখা করে।